নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের প্রথম ৬ মাসেই ৭৫ কোটি টাকা ব্যয় নরেন্দ্র মোদির বিদেশ সফরে। তাও চূড়ান্ত খরচের হিসাব এখনও আসেনি।
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের প্রথম ৬ মাসেই ৭৫ কোটি টাকা ব্যয় নরেন্দ্র মোদির বিদেশ সফরে। তাও চূড়ান্ত খরচের হিসাব এখনও আসেনি।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে রাজকোষ থেকে কত ব্যয় হল? এই মর্মে মাঝেমধ্যেই সংসদে প্রশ্ন জমা করেন এমপিরা। এরকমই এক প্রশ্নের জবাবে রাজ্যসভায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত সময়সীমায় ১৩টি দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। সেই সফরগুলিতে ব্যয় হয়েছে সব মিলিয়ে প্রায় ৭৫ কোটি টাকা। তবে ফ্রান্সের সফরের চূড়ান্ত ব্যয় এখনও তালিকাভুক্ত হয়নি। অতএব সেই হিসাব এলে খরচের মোট পরিমাণ আরও বাড়বে। সংসদে পেশ হওয়া রিপোর্টের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ২০২১ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যে ব্যয় হয়েছিল, সেই তুলনায় পাঁচ বছর পর ২০২৫ সালের খরচ এক ধাক্কায় অনেক বেড়ে গিয়েছে। ২০২১ সালের অঙ্কটা ছিল ৩৬ কোটি টাকা। সেটাই ২০২৫ সালে হয়েছে ১৮০ কোটি টাকা।
যদিও ২০২১ সালে বিদেশ সফর বাবদ ব্যয় তুলনামূলকভাবে কম থাকার যুক্তিসংগত কারণ রয়েছে। ওই সময়কালে চলছিল কোভিডকাল। অতএব বিদেশ সফর ছিল অনেক কম। বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা সংসদে পেশ করা রিপোর্টে বলেছেন, ২০২১ সাল থেকে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য মোট ব্যয় ৫৫০ কোটি টাকা পেরিয়ে গিয়েছে। চলতি বছরে প্রধানমন্ত্রী যে ১৩টি সফর করেছেন, তার মধ্যে মে মাসে স্ক্যান্ডিনেভিয়া রাষ্ট্রগুলি সহ পাঁচ দেশের সফরে সবথেকে বেশি ব্যয় হয়েছে। মোট ১৭ কোটি ৪৬ লক্ষ টাকা।
২০২২ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যয় হয়েছিল ৫৬ কোটি টাকা। ২০২৩ সালে ৯৩ কোটি টাকা। ২০২৪ সালে ১০৯ কোটি টাকা। ২০২৫ সালে ১৮০ কোটি টাকা। অর্থাৎ ব্যয় উত্তরোত্তর বেড়েছে। আর ঠিক এই সময়সীমায় ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার সবথেকে বেশি পতনও ঘটেছে।