নয়াদিল্লি: ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের শৈত্য কাটার ইঙ্গিত! বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এব্যাপারে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভারত-মার্কিন সহযোগিতার অগ্রগতি খতিয়ে দেখেছেন দুই নেতা। বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সহায়তা বৃদ্ধির সামগ্রিক পরিসর নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। ঘটনাচক্রে, রুশ তেল আমদানি ও চড়া শুল্ক আরোপ ঘিরে ভারত ও আমেরিকার সম্পর্কে সম্প্রতি তীব্র সংঘাত তৈরি হয়। সেই আবহেই সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দিনের দিল্লি সফর করে গিয়েছেন। এই অবস্থায় মোদি ও ট্রাম্পের এদিনের ফোনালাপ কূটনৈতিক কারণে নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। মোদি-ট্রাম্প ফোনালাপের আগে এদিন কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামনে আসে। তিনি বলেন, বাণিজ্য ইস্যুতে মতান্তরের অধিকাংশ বিষয়ই আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলেছে ভারত ও আমেরিকা। মার্চের মধ্যে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে আমি নিজেই ‘অবাক’ হব।



