নয়াদিল্লি: চরমে শুল্কযুদ্ধ। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোট শুল্কের পরিমাণ ৫০ শতাংশ। তা নিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন চলছে। এই আবহেই এবার আগামী সেপ্টেম্বরে আমেরিকা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপলক্ষ্য, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার বৈঠক। এরই অবকাশে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হতে পারে মোদির। সব ঠিক থাকলে বৈঠকে বাণিজ্য চুক্তি ও শুল্ক সংক্রান্ত জট কাটার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় গিয়েছিলেন মোদি। তারপর থেকে একের পর এক ইস্যুতে মোদি-ট্রাম্পের বন্ধুত্বে চিড় ধরেছে। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে বারবার নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। এনিয়ে বিরোধী শিবিরের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদিকে। সম্প্রতি শুল্কবৃদ্ধিকে কেন্দ্র করে সংঘাত চরমে পৌঁছেছে। মুখ খুলেছেন মোদিও। আমেরিকার নাম না করেই তিনি বলেছেন, বক্তিগত মূল্য চোকাতে হলেও পিছু হটবেন না তিনি। এই পরিস্থিতিতে মোদি-ট্রাম্পের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সহ আরও কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করতে পারেন মোদি।
আমেরিকার সঙ্গে শুল্ক সংক্রান্ত জটিলতার মধ্যেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তোলার উপর জোর দেওয়া হয়েছে। দিনকয়েক আগেই রাশিয়ার সিকিওরিটি কাউন্সিল সেক্রেটারি সের্গেই সোইগুর সঙ্গে বৈঠক করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এবার পুতিনের দেশে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। জানা গিয়েছে, আগামী ২০-২১ আগস্ট মস্কোয় থাকবেন বিদেশমন্ত্রী। সেখানে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক হবে তাঁর।