নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস বলছে রাহুল গান্ধীর নকল করতে ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বিজেপির দাবি, এরকম স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট যে, নরেন্দ্র মোদি ছাত্র-যুব সমাজের কাছে কতটা জনপ্রিয়। নরেন্দ্র মোদি র্যাম্পে হাঁটলেন। তাঁর ভাষণের সময় দর্শক শ্রোতা মোবাইলের আলো জ্বালিয়ে দেন। ধুরন্ধরের থিম মিউজিক আরি..আরি..আরি ছিল আবহসঙ্গীত। আর সেই আবহে মোদি ছাত্র-যুবকে বার্তা দিলেন, আমি তোমাদের লোক। গুজরাত মোদির দুর্গ। বারাণসীর পাশাপাশি ২০১৪ সালে তিনি এই ভদোদরা লোকসভা থেকেও প্রার্থী হয়েছিলেন। জয়ীও হন। সেই শহরের জেনজিদের আহ্বান করে মঙ্গলবার মোদি তাদের সঙ্গে আলাপচারিতা এবং যোগসূত্র স্থাপনের চেষ্টা করলেন। আর এই কর্মসূচি দেখে কংগ্রেস বলছে, রাহুল গান্ধীর ছাত্র-যুব সমাবেশগুলিতে ভিড় এবং উচ্ছ্বাস দেখে মোদি নার্ভাস হয়ে গিয়েছেন। তাই শেষ পর্যন্ত সেই একই ধাঁচের কর্মসূচি করতে হচ্ছে মোদিকে। সমাবেশে মোদি নাম না করে রাহুলোকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। বলেছেন, ঝুট কী গুঞ্জ জাতীয় কর্মসূচি দেশের যুবসমাজকে বিভ্রান্ত করার জন্যই করা হচ্ছে। প্রসঙ্গত একের পর এক রাজ্যে রাহুলের ছাত্র-যুবদের সভায় উপস্থিত হওয়ার কর্মসূচির নাম ছাত্র কী গুঞ্জ। সেই স্লোগানকেই কটাক্ষ করলেন মোদি। এই কর্মসূচি আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে করা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। দিল্লির যন্তরমন্তরের আন্দোলনের পর এবং রাহুল গান্ধীর কর্মসূচির পালটা পরিকল্পনা নিয়েছে মোদি সরকার ও বিজেপি। তাই মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ান ডে ওয়ান ইউনিভার্সিটি কর্মসূচি নিতে। অর্থাৎ একটি করে দিন তাঁদের কাটাতে হবে ছাত্রদের সঙ্গে। নমো কে সাথ বিকশিত ভারত। এই স্লোগানও নেওয়া হয়েছে। সুতরাং কংগ্রেস এবং বিজেপি নয়, জেনজির মন জয় করতে রাজনীতির ময়দানের প্রতিদ্বন্দ্বিতায় রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদি।



