Bartaman Logo
২৭ জুন, ২০২৬

জন্মদিনে ধর্মেন্দ্র প্রধানের প্রশংসায় মোদি

জন্মদিনে ধর্মেন্দ্র প্রধানকে প্রশংসা করলেন মোদি। ভারতের শিক্ষা ব্যবস্থায় তাঁর অবদান উল্লেখ করে বিরোধীদের সমালোচনা। বিস্তারিত পড়ুন।

জন্মদিনে ধর্মেন্দ্র প্রধানের প্রশংসায় মোদি
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট সহ একঝাঁক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। জল্পনা চলছে আসন্ন মন্ত্রিসভার রদবদলে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। শুধুমাত্র তাঁর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি তৈরি হয়ে গেল। কিন্তু জন্মদিনে ধর্মেন্দ্র প্রধানকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থার তাঁর ইতিবাচক অবদানের কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মেন্দ্র প্রধান ভারতের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন বলে বিরোধীদের অভিযোগ। কিন্তু মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ইস্যুতে তিনি বিপরীত মেরুতে। তিনি ধর্মেন্দ্র প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর

Advertisement

পাশাপাশি বলেছেন, জাতীয় শিক্ষা নীতি সফলভাবে কার্যকর করার কারিগর শিক্ষামন্ত্রী। ভারত যে এখন ক্রমেই জ্ঞানার্জনের একটি কেন্দ্র হিসাবে বিশ্বে বিবেচিত হচ্ছে, সেটাও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একান্ত প্রয়াসেই সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর এই প্রশংসাসূচক বিবৃতি প্রকাশের পর শুক্রবার দেখা যায়, কেন্দ্রীয় মন্ত্রিসভার একের পর এক মন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীরা, ধর্মেন্দ্র প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার পরই কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। নিটে আত্মঘাতী পড়ুয়াদের নাম উল্লেখ করে তাদের তরফে ধর্মেন্দ্র প্রধানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রশ্ন হল, এই প্রশংসাবাক্যের পর মোদি কি ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভার বাইরে পাঠিয়ে দেবেন? নাকি নিছক দপ্তর বদল হতে পারে? অথবা সেটাও হবে না? সবটাই জল্পনা ও চর্চার কেন্দ্রে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ