নয়াদিল্লি: ২০০১ সালে প্রথমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি। তারপর থেকে একটানা ২৫ বছর ধরে প্রশাসনিক পদে রয়েছেন তিনি। মোদির এই নয়া নজিরে গোটা বিশ্বের রাষ্ট্রনেতারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ভুটানের প্রধানমন্ত্রী তেরসিং তোগবে লিখেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বিষ্ণুর অবতার দেখতে পাই। জ্ঞানী নেতাদের এভাবেই বর্ণনা করা হয়ে থাকে।’ তিনি আরও লেখেন, ‘বিকশিত ভারতের লক্ষ্য ভারতীয় ভূখণ্ডের সীমানা ছাড়িয়ে আরও বহুদূর বিস্তৃত। মোদি বারবার প্রতিবেশীদের অগ্রাধিকার দিয়েছেন। উন্নয়নশীল দেশগুলির হয়ে বিশ্বের দরবারে সওয়াল করেছেন।’ ২০১৯ সালে মোদির সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন তিনি। পাঁচ বছর পর ২০২৪ সালে ফের তোগবের সঙ্গে মোদির দেখা হয়। তোগবে লিখেছেন, ‘প্রথম সাক্ষাতের পরই মোদিকে বিষ্ণুর অবতার হিসাবে বর্ণনা করেছিলাম। যদিও কোন অবতার তা নিয়ে সংশয় ছিল। পাঁচ বছর পর আমি নিশ্চিত হই, তিনি ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য জন্ম নেওয়া বিষ্ণুর শেষ অবতার কল্কি।’



