Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাংলায় মোদির ১০টি, শাহের ১৪টি সমাবেশ, চাহিদা তুঙ্গে যোগীকে নিয়ে

নির্বাচনি প্রচারে বাংলায় অন্তত ১০টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে রাজ্যে তাঁকে দিয়ে সম্ভবত একটিই ‘রোড শো’ করাতে পারবে বঙ্গ বিজেপি।

বাংলায় মোদির ১০টি, শাহের ১৪টি সমাবেশ, চাহিদা তুঙ্গে যোগীকে নিয়ে
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচনি প্রচারে বাংলায় অন্তত ১০টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে রাজ্যে তাঁকে দিয়ে সম্ভবত একটিই ‘রোড শো’ করাতে পারবে বঙ্গ বিজেপি। নির্বাচনি প্রচারের একেবারে শেষ লগ্নে প্রধানমন্ত্রীর সেই ‘রোড শো’ হতে পারে ‘হাই প্রোফাইল’ ভবানীপুর বিধানসভা এলাকায়। এরই পাশাপাশি ছোটো বড়ো মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে কমবেশি ১৪টি প্রকাশ্য সমাবেশে অংশ নেবেন। ইতিমধ্যেই এসংক্রান্ত সূচি তৈরির কাজে হাত দিয়েছে গেরুয়া শিবির। শনিবার বিজেপির শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে। জানা যাচ্ছে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহের পরেই রাজ্যের নির্বাচনি প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। সেইমতো ভোটের বাংলায় অন্তত ছয় থেকে আটটি নির্বাচনি সভা করতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।  শনিবারই রাজ্যে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর দিনকয়েক আগে প্রধানত সাংগঠনিক বৈঠক করতে বাংলায় গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এবার দু’দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। ২৩ এবং ২৯ এপ্রিল। এর ফলে আগামী মাসের একেবারে গোড়া থেকেই রাজ্যে পুরোদমে কেন্দ্রীয় নেতামন্ত্রীরা ভোটের প্রচার করতে শুরু করবেন। সেইমতোই ‘হেভিওয়েট’দের সফরসূচি প্রস্তুতের কাজে হাত দিয়েছে বিজেপি নেতৃত্ব। 

Advertisement

এখনও পর্যন্ত খবর, আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রকাশ্য সমাবেশ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর আরও একাধিক পর্যায়ে তিনি বাংলায় যাবেন। কখনও একটি, কখনও আবার একইদিনে দু’টি নির্বাচনি সভা করবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজসিং চৌহানের মতো কেন্দ্রীয় নেতামন্ত্রীরাও একাধিক সমাবেশ এবং ‘রোড শো’ করবেন। একইসঙ্গে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদেরও সফরসূচি তৈরি হচ্ছে বাংলায় ভোট প্রচারের উদ্দেশ্যে। আর এই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের মধ্যেই দলের বঙ্গ ব্রিগেড তুলনায় বেশি আস্থা রাখছে যোগী আদিত্যনাথের উপরই। রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের শেষে দলের নির্বাচনি ইস্তাহার প্রকাশ করতে পারে বিজেপি। সেই ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নীতিন নবীন। সেইসময় বাংলায় গেলে বিজেপি সভাপতি একইসঙ্গে কয়েকটি নির্বাচনি প্রচার কর্মসূচিতেও অংশ নিতে পারেন। বিজেপির নির্বাচনি প্রচার সূচির অন্যতম ‘ফোকাস’ হতে চলেছে উত্তরবঙ্গই! অন্তত এমনই দাবি করা হয়েছে বিজেপি সূত্রে।

সম্পর্কিত সংবাদ