নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নামেই আত্মনির্ভর ভারত। কৃষিকাজের প্রয়োজনে সার পেতে আমদানিই ভরসা মোদি সরকারের। বছর বছর সরকার কমাচ্ছে সারে ভরতুকি। এদিকে, মোদি সরকার মুখে ‘কোনো সমস্যা নেই’ বলে প্রচার করলেও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ইউরিয়ার স্টক যে ক্রমশ কমছে, তা আর লুকানো যাচ্ছে না। সংসদেই জানাতে হয়েছে প্রকৃত তথ্য। রাহুল গান্ধী এবং মালা রায়ের দুটি পৃথক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রসায়ন এবং সার রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল লিখিতভাবে লোকসভায় জানিয়েছেন যে, আমদানি খরচ বাড়ছে। স্টকও কম। মন্ত্রী জানিয়েছেন, পাচঁ বছর আগে ২০২১-২২ অর্থবর্ষে বিদেশ থেকে আনা ইউরিয়ার জন্য ভরতুকি দেওয়া হয়েছিল ৫০ হাজার ২৫০ কোটি টাকা। ২০২৫-২৬ সালে তা কমে হয়েছে ৪৭ হাজার ৯৫৬ কোটি টাকা। অন্যদিকে, ইউরিয়া আমদানি করা হয়েছিল ৯১.৩৬ লাখ মেট্রিক টন। এখন যা বেড়ে হয়েছে ১০৩.৫০ লাখ মেট্রিক টন। সংসদে মন্ত্রী বলেছেন, পাঁচ বছর আগে জুন মাসে ভারতে ইউরিয়ার স্টক ছিল ৬৫.৬৬ লাখ মেট্রিক টন। এ বছর জুন মাসে তা ৬১.৪৪ লাখ মেট্রিক টন। ফলে সরকারের জবাবেই দেখা যাচ্ছে আমদানি নির্ভরতা বাড়ছে সরকারের।



