Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভিনরাজ্যে থাকা বঙ্গের ভোটারদের জন্য সামার স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে মোদি সরকার!

পশ্চিমবঙ্গের নির্বাচনি আবহে ভিন রাজ্য থেকে অনেক বেশি মানুষকে বাংলায় নিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্রের মোদি সরকার।

ভিনরাজ্যে থাকা বঙ্গের ভোটারদের জন্য সামার  স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে মোদি সরকার!
  • ১৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের নির্বাচনি আবহে ভিন রাজ্য থেকে অনেক বেশি মানুষকে বাংলায় নিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্রের মোদি সরকার। বাংলার এই ভোটাররা প্রত্যেকেই বর্তমানে বিভিন্ন রাজ্যের কলকারখানা বা অন্যান্য সংস্থায় কর্মরত। বিভিন্ন সময়ে নানা কারণে এই সমস্ত মানুষদের একটি বড়ো অংশই ভোটের সময় উপস্থিত থাকতে পারেন না। কিন্তু এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত সেই কারণেই পরোক্ষ ব্যবস্থায় ভিন রাজ্যে কর্মরত মানুষদের বাংলায় পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছে মোদি সরকার। সেই পরোক্ষ ব্যবস্থার অপর নাম ‘সামার স্পেশাল ট্রেন’। 

Advertisement

সরকারি সূত্রে জানা যাচ্ছে, দেশব্যাপী সামার স্পেশাল ট্রেনের সংখ্যা এবছর প্রায় দ্বিগুণ বৃদ্ধি করতে চলেছে রেলমন্ত্রক। উত্তরপ্রদেশ এবং বিহারের পাশাপাশি এবার সবচেয়ে বেশি সামার স্পেশাল ট্রেন চালানো হবে বাংলার উদ্দেশে। একইসঙ্গে জানা যাচ্ছে, সেন্ট্রাল রেলের শুধুমাত্র মুম্বই এবং পুনে থেকেই কলকাতা ও হাওড়ায় যাবে ২৬টি সামার স্পেশাল ট্রেন। সপ্তাহখানেক পর থেকেই সামার স্পেশাল ট্রেন চালানো শুরু হবে। উল্লেখ্য, বাংলায় দু’দফার নির্বাচনের প্রথমটি হবে ২৩ এপ্রিল। দ্বিতীয়টি ২৯ এপ্রিল।
গোটা বিষয়টিকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। তাদের মতে, অনেক বেশি সংখ্যায় সামার স্পেশাল ট্রেন চালিয়ে আদতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। ‘রাশ’ কমিয়ে একদিকে সাধারণ রেল যাত্রীদের কাছে কেন্দ্র বার্তা দিতে চাইছে, স্বাচ্ছন্দ্য রক্ষায় তারা যাবতীয় পদক্ষেপ করছে। অন্যদিকে, ভিন রাজ্যের শ্রমিক-কর্মচারীদের বাংলায় নিজের নিজের এলাকায় ভোট দিতে পাঠিয়ে নির্বাচনি ফায়দা লুটতেও মরিয়া হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। সামার স্পেশাল ট্রেনের মোড়কে ভিন রাজ্যে কর্মরত ভোটারদের বাংলায় পাঠানোর ব্যবস্থা হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিরও অভিযোগের বিশেষ কোনো জায়গা থাকবে না। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে যাত্রী ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন চালায় রেল। অর্থাৎ, মোদি সরকারের কাছে স্পষ্ট ‘সাফাই’ তৈরি থাকবে। 
রেল সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের গ্রীষ্মাবকাশে সারা দেশে হাজারখানেক স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। এবছর সেই সংখ্যা বাড়িয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার পর্যন্ত করা হতে পারে। এর একটি বড়ো অংশই যাবে বাংলায়। যদিও সামার স্পেশাল ট্রেন নিয়ে রেলমন্ত্রক অন্তত মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করেনি। তবে প্রত্যাশামতো রেলমন্ত্রক সূত্রে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কারণ সামার স্পেশাল ট্রেন অন্তত জুন-জুলাই মাস পর্যন্ত চালানো হবে। তখন কোনো রাজ্যে নির্বাচন নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ