Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সামাজিক ন্যায়ে দেশে সেরা বাংলা স্বীকৃতি দিয়েও বঞ্চনা মোদি সরকারের

তপশিলি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার খাতে সম্পূর্ণ কেন্দ্রের খরচে চালু হয় ‘প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা’।

সামাজিক ন্যায়ে দেশে সেরা বাংলা স্বীকৃতি দিয়েও বঞ্চনা মোদি সরকারের
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: তপশিলি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার খাতে সম্পূর্ণ কেন্দ্রের খরচে চালু হয় ‘প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা’। পূর্বতন একটি প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের পর নতুন ভাবে চালু হওয়া এই প্রকল্পের বয়স মাত্র পাঁচ বছর। তারই মধ্যে বিগত তিন বছর ধরে নয়াদিল্লির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বরাদ্দে কোপ মারার অভিযোগ উঠল। যা চলতি অর্থবর্ষের সীমাহীন পর্যায় পৌঁছেছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। কারণ, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের বরাদ্দ কাটছাঁটের পথে হাঁটলেও, চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) এই খাতে এখনও পর্যন্ত বাংলার জন্য মোদি সরকারের বরাদ্দ শূন্য। 

Advertisement

এখানেই শেষ নয়, প্রকল্প শুরুর প্রথম দু বছরেই বাংলার জন্য প্রায় ১৯৫ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। যা ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জেরে পশ্চিমবঙ্গকে তপশিলি সম্প্রদায়ের মানুষের সামাজিক ন্যায় সুনিশ্চিত করার ক্ষেত্রে ‘দেশের সেরা’ (বেস্ট পারফর্মিং স্টেট) স্বীকৃতি দেয় কেন্দ্র। তার পরের বছর থেকেই মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির অনুমোদন সত্ত্বেও হঠাৎই বাংলার বরাদ্দ কমতে শুরু করে। অথচ, ২০২৫-২৬ অর্থবর্ষে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাতের মতো ডাবল ইঞ্জিন রাজ্যের জন্য ইতিমধ্যে দেদার টাকা ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রের রিপোর্টে। যার জেরে অন্য কিছুর মতোই এক্ষেত্রেও ‘রাজনৈতিক কারণেই’ জোরদার হচ্ছে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ। এই রিপোর্টেই আরও দেখা যাচ্ছে, এই প্রকল্প খাতে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে অনুমোদিত ১০০ কোটির পরিবর্তে বাংলার জন্য মাত্র ৮৯ কোটি এবং ২৩ কোটি টাকা করে ছেড়েছে কেন্দ্র। ফলে বাকি টাকা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয়ে তৈরি হয়েছে। 
প্রতিবছর এই খাতের টাকা পেতে ‘পার্সপেক্টিভ প্ল্যান’ বা বিস্তারিত পরিকল্পনা জমা দিতে হয় রাজ্যকে। যার অনুমোদন দেয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। বিগত তিন বছরে প্রতিবার ১০০ কোটি টাকার বেশি অর্থ মূল্যের প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বাংলাকে। তা সত্ত্বেও রাজ্যের বরাদ্দ কাটছাঁট করার পাশাপাশি চলতি অর্থবর্ষে একটি টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে প্রশাসনিক মহল। এবিষয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক জানান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা কথায় কথায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তপশিলি সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। কিন্তু, বাস্তবটা মানুষের জানা উচিত। আর বাস্তবটা হল, ওরা মুখে যা বলে, কাজে তার ঠিক বিপরীতটা করে। আর সেই কারণেই সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি অনুমোদন দিলেও, বাংলাকে টাকা দেওয়া হয় না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ