নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস প্রধান মোহন ভাগবত ৭৫ বছর বয়সে পা দেবেন। তার প্রাক্কালে ভাগবত সম্প্রতি বলেছেন, ৭৫ বছর বয়স হলে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। এমতাবস্থায় দেশের রাজনৈতিক মহলে প্রবল ঝড় উঠেছে যে মোহন ভাগবত কি মোদিকে লক্ষ্য করে ওই বার্তা দিলেন? আবার একইসঙ্গে সঙ্ঘ পরিবারের অন্দরেও জোরালো জল্পনা যে, তাহলে কি মোদিকে চাপে রাখতে ভাগবত নিজেই পদ থেকে সরে যাবেন ৭৫ বছর বয়সে? এই জল্পনা সঙ্ঘ পরিবারের মধ্যে ক্রমাগত বাড়তে থাকায় প্রচারকে স্তিমিত করতে শেষ পর্যন্ত সংগঠনই হস্তক্ষেপ করল। আরএসএসের দীর্ঘদিনের থিঙ্কট্যাঙ্ক, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি রাম মাধব একটি সর্বভারতীয় সংবাদপত্রে উত্তর সম্পাদকীয় কলামে লিখেছেন, মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদি, উভয়েই এখনও পর্যন্ত সক্রিয়। তাই তাঁদের বয়স যতই ৭৫ হোক, অবসর নেওয়ার সময় হয়নি। আমাদের প্রত্যাশা তাঁরা দুজনে আগামী দিনে আরও বহু বছর স্বপদে থেকেই দায়িত্ব পালন তথা নেতৃত্ব প্রদান করে যাবেন। রাম মাধব অবসরের এই প্রচারকে অপপ্রচারও আখ্যা দিয়েছেন। তিনি যুক্তি দিয়ে বলেছেন, মহাত্মা গান্ধী, উইনস্টন চার্চিল, দেং জিয়াং পিং, নেলসন ম্যান্ডেলার মতো প্রবাদপ্রতীম নেতারা আজীবন নেতৃত্ব প্রদান করে এসেছেন। সক্রিয় রাজনৈতিক জীবন সফলভাবে কাটাতে তাঁদের কোনও সমস্যা হয়নি। আবার জন এফ কেনেডি, অ্যাঞ্জেলা মার্কেল, বারাক ওবামা, জি জিনপিং, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদিরা অপেক্ষাকৃত কম বয়সে কয়েক দশক ধরে নিজেদের সাফল্য প্রমাণ করে আসছেন। সুতরাং ওয়াল্ট ডিজনি যেরকম বলেছিলেন, যে, কল্পনার কোনও বয়স হয় না, সেটাই সত্য। রাম মাধব স্পষ্ট ভাবে মোদি এবং ভাগবতের অবসরগ্রহণের সম্ভাবনা নিয়ে চলা জল্পনায় জল ঢেলেছেন। এই জল্পনার মধ্যেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে প্রয়োজন নাও হতে পারে। কিন্তু বিজেপির মোদিজিকে প্রয়োজন। মোদিজি প্রধানমন্ত্রী পদে না থাকলে ২০২৯ সালের লোকসভা ভোটে বিজেপি ১৫০ আসনে আটকে যাবে। গোড্ডার সাংসদ বলেন, মোদিকে ছাড়া বিজেপি চলবে এমন অবস্থা আগামী ১৫-২০ বছরেও তিনি দেখতে পারছেন না। সোজা কথায় নিশিকান্ত বুঝিয়ে দিয়েছেন, ৭৫ তো দূর অস্ত, যতদিন মোদি চাইবেন, ততদিনই তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন। অন্তত বিজেপির অস্তিত্ব টিকিয়ে রাখতে সেই পথেই দলকে হাঁটতে হবে।



