উচ্চ মাধ্যমিকের মডেল উত্তর: ফি হ্রাস,  নম্বরের জটিলতা নির্মূলের দাবিতে চিঠি
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের মডেল আনসার কি চ্যালেঞ্জ করা যাবে আজ, মঙ্গলবার থেকে। ৩০ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন। তবে, তার আগে বেশকিছু প্রশ্ন উঠছে শিক্ষকমহল থেকে। প্রথমত উঠছে প্রশ্নপিছু ফি কমানোর দাবি, এটি এখন ২০০ টাকা। দ্বিতীয়ত, উত্তর ভুল থাকলে কীভাবে নম্বর দেওয়া হবে, সেই সংক্রান্ত বেশকিছু জটিল প্রশ্নও উঠে আসছে। বিষয়গুলি পরিষ্কার করার দাবিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছেন জনৈক শিক্ষকও। এছাড়াও, মডেল উত্তর ঠিক আছে কি না, তা নিয়ে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদেরও মতামত নেওয়া হোক।

Advertisement

মডেল উত্তর চ্যালেঞ্জ নতুন ব্যবস্থা নয়। এর ফি-ও এরকমই থাকে। তবে, নিম্নবিত্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে এই ফি আরও কিছুটা কমানো প্রয়োজন বলেই মত শিক্ষকদের। বহু পড়ুয়া এমন রয়েছে, যারা কোনো উত্তর নিয়ে সন্দেহ থাকলেও ফি-য়ের ভয়ে আবেদন জানাতে পারছেন না। 
অভিজিৎ ভৌমিক নামে এক শিক্ষক সংসদে চিঠি পাঠিয়ে আরও কিছু জটিলতার কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, ধরা যাক, কোনো প্রশ্নের উত্তর হবে ‘ক’। অথচ, সংসদ তার মডেল উত্তরে ভুলবশত লিখেছে ‘খ’। সেক্ষেত্রে যারা ‘ক’ লিখেছে, তারা তো চ্যালেঞ্জ করবে না। তবে, উত্তরটি ভুল। এই ভুল উত্তরে তারা কি নম্বর পেয়ে যাবে? আবার কেউ যদি সঠিক উত্তরই লিখে থাকে, তা সত্ত্বেও ভুল মডেল উত্তরকে চ্যালেঞ্জ না করে, তাহলে কি সে নম্বর পাবে? চ্যালেঞ্জ করা হলেও আগের মডেল উত্তর সংশোধনের জন্য কি ফের চ্যালেঞ্জ করতে হবে পরীক্ষার্থীকে? এই প্রশ্নগুলি তুলছেন সেই শিক্ষক।
দাবি জানানো হয়েছে, এই সংক্রান্ত নীতি সুস্পষ্টভাবে প্রকাশ করুক সংসদ। পাশাপাশি, প্রশ্ন ত্রুটিপূর্ণ থাকলে, সর্বভারতীয় নিয়ম মেনে সকলকেই সমহারে নম্বর দেওয়া হোক। তবে, সংসদ ভুল উত্তর প্রকাশ করেছে বলে, তার ভিত্তিতে নম্বর দেওয়া যাবে না। তবে, এই মডেল উত্তর প্রকাশের আগে বিশেষজ্ঞদের দিয়ে তা একবার যাচাই করারও প্রয়োজন রয়েছে বলে তাঁর মত। সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা কমবে। আবেদনও অনেক কম জমা পড়বে। সর্বোপরি উপকৃত হবে পরীক্ষার্থীরা।