নিজস্ব প্রতিনিধি, বরানগর: মাওবাদীদের সমর্থনে পোস্টার পড়ল খড়দহ স্টেশন রোডে। ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়ায়। পোস্টারের নীচে লেখা রয়েছে, মার্কসবাদী, লেলিনবাদী, মাওবাদী সংগঠন। রাতেই রহড়া থানার পুলিস পোস্টারগুলি ছিঁড়ে নিয়ে যায়। পোস্টার লাগানোর অভিযোগে বুধবার সকালে পুলিস রহড়ার অলীক চক্রবর্তী সহ সাত জনকে গ্রেপ্তার করে।
Advertisement
পুলিস সূত্রে খবর, অলীক চক্রবর্তীর বাড়ি রহড়া স্টেশন রোড। তার বিরুদ্ধে খুন, অস্ত্র আইন সহ ২৭টি মামলা রয়েছে। তার ঘরেই বাকি ছয় জন ছিল। তাদের মধ্যে প্রিয়ম বসুর বাড়ি ডায়মন্ডহারবার। ধৃত শুক্লা ভুঁইমালি, রামানি রাজভর, নাসির শেখ, নাজমুল সরকার ও মানস চক্রবর্তীর বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। পুলিস জানিয়েছে, ধৃতেরা খড়দহ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় পোস্টারগুলি লাগিয়ে চম্পট দিয়েছিল। রাত সাড়ে ৯টা নাগাদ পোস্টারগুলি এলাকাবাসীর নজরে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিস তদন্তে নেমে মহিলা সহ সাতজনকে গ্রেপ্তার করে।



