নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি শাসিত মণিপুরের সাম্প্রতিক অবস্থা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। কেন সেখানে শান্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে কেন্দ্র ও সেখানকার রাজ্য সরকার। এই মণিপুরের সরকারকে বরখাস্ত করার দাবিতে বুধবার কর্মসূচি নেয় যুব কংগ্রেস। প্রথমে সভা। তারপর রাজভবন অভিযান করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। মণিপুর প্রসঙ্গ ছাড়াও আদানিকে গ্রেপ্তার, আর জি করের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করা হয় কংগ্রেসের কর্মসূচি থেকে। সভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী চড়া সুরে কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি উল্লেখ করেন, দেশের সুরক্ষা, নিরাপত্তা বিপদের মধ্যে দিয়ে চলছে। দেশে বেকারত্ব বাড়ছে। তার উপর মণিপুর নিয়ে কেন্দ্র উদাসীন। সভার পরে কংগ্রেস কর্মীরা রাজভবন অভিযান করলে পুলিসের সঙ্গে ধ্বস্তাধস্তি হয়। দু’জন কংগ্রেস কর্মী জখম হয়েছেন বলে খবর। দু’দফা মিলিয়ে কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে পুলিস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিককে গ্রেপ্তার করে পুলিস। রাজভবন অভিযানে গ্রেপ্তার হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির একাধিক নেতা-নেত্রী। শুভঙ্কর সরকার বলেছেন, দেশ ও রাজ্যের মানুষের স্বার্থে কংগ্রেসের আন্দোলন কোনওদিন থামবে না। আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে।



