Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মানিকতলায় স্ত্রীকে হত্যায় দোষী সাব্যস্ত স্বামী, আজ সাজা ঘোষণা

মানিকতলায় স্ত্রীকে হত্যায় দোষী সাব্যস্ত স্বামী, আজ সাজা ঘোষণা
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তার জেরে স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল স্বামী। সেই মতো সে একবার শ্বশুরবাড়িতে স্ত্রীকে মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২০১০ সালে মানিকতলার বাড়িতে ঘুমে আচ্ছন্ন স্ত্রীকে গলা টিপে খুন করে যুবক। ঘটনার ১৪ বছর পর অজয় মুখোপাধ্যায় নামে ওই যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার শিয়ালদহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আবির চট্টোপাধ্যায় জেল হেফাজতে থাকা অভিযুক্ত স্বামীকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করেন। আজ, বৃহস্পতিবার অপরাধীর বিরুদ্ধে সাজা ঘোষণা হবে।
Advertisement
সরকারি কৌঁসুলি সুধীনকুমার জানা সাংবাদিকদের জানান, ২০১০ সালের ১১ নভেম্বর রাতে ওই খুন হয় মানিকতলা থানার মুরারিপুকুর রোডে। খুন করার পর স্ত্রীর মৃতদেহ ঘরের খাটের তলায় রেখে ওই যুবক নিশ্চিন্তে ঘুমোয়। পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় অজয়। তাঁদের ছেলে ঘরে ঢুকে মাকে ডাকতে এসে দেখে, মা চাদর জড়ানো অবস্থায় খাটের তলায় পড়ে রয়েছে। সে চিৎকার শুরু করে দেয়। পুলিসে খবর পাঠানো হয়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে অভিযুক্ত স্বামী অজয়কে গ্রেপ্তার করে। তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার শীতলপ্রসাদ চট্টোপাধ্যায়। আদালত ধৃতের জামিন একাধিকবার বাতিল করে দেয়। ফলে জেল হেফাজতে রেখেই চলে ধৃতের বিচার। সাক্ষ্য দেন ২১ জন। এদিন বিচারক অভিযুক্তকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করে বলেন, সরকার পক্ষ আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা আদালতে প্রমাণিত হয়েছে। তাই আপনাকে খুনের অপরাধে দোষী সাব্য‌স্ত করা হল। এর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন। বৃহস্পতিবার সেই সাজা শোনানো হবে আপনাকে। দোষী সাব্যস্ত হওয়ার কথা শুনে এজলাসে কেঁদে ফেলে যুবক। সে দাবি করে, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। 
সম্পর্কিত সংবাদ