Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মন্দিরে হাতেনাতে ধরা পড়ে ‘অজ্ঞান’ দুষ্কৃতী, চাঞ্চল্য

মন্দিরে হাতেনাতে ধরা পড়ে ‘অজ্ঞান’ দুষ্কৃতী, চাঞ্চল্য
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মন্দিরে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছিল অভিযুক্ত। কিন্তু ওই দুষ্কৃতীকে যাঁরা ধরেছিলেন, তাঁদেরই বেকুব বনে যাওয়ার অবস্থা! ধরা পড়তেই ওই ব্যক্তি মাটিতে শুয়ে পড়ে গোঙাতে শুরু করে। তারপর ‘অজ্ঞান’ হয়ে যায়। নানা চেষ্টা করেও জ্ঞান ফেরানো যায়নি তার। ততক্ষণে বাসিন্দারা আতঙ্কে ভুগতে শুরু করেছেন। কারণ, তার কিছু একটা হয়ে গেলে উল্টে আইনের ফাঁস চেপে বসবে তাঁদের উপর! ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে চুঁচুড়ার পাঠকবাগান এলাকায়। শেষপর্যন্ত চুঁচুড়া থানার পুলিস এসে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। ঘাম দিয়ে জ্বর ছাড়ে বাসিন্দাদের। পুলিস জানিয়েছে, এদিন বিকেলেই অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল। তখন সে দিব্যি সুস্থ। জানা গিয়েছে, ওই ব্যক্তি মাদকাসক্ত ছিল। সেকারণেই সমস্যা হয়ে থাকতে পারে। স্থানীয়দের দাবি, ধরা পড়ার পরেই সে অসুস্থ ও অজ্ঞান হয়ে যাওয়ার ভান করেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পাঠকবাগানের একটি মন্দিরে ঢুকে পড়েছিল দুই যুবক। তারা একটি গ্যাস ওভেন ও কিছু বাসনপত্র নিয়ে চম্পট দেওয়ার তাল করেছিল। সেই সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ঘিরে ধরে। একজন পালিয়ে গেলেও অন্যজন ধরা পড়ে যায়। তারপরেই সে অজ্ঞান হয়ে যায়। চুঁচুড়া থানার পুলিস জানিয়েছে, ধৃতের নাম নিয়ে বিভ্রান্তি আছে। তার প্রকৃত নাম কী, তা যাচাই করে দেখা হচ্ছে। ধৃত জানিয়েছে, সে ও তার সঙ্গী, দু’জনেই মাদকাসক্ত ছিল। মাদকের টাকা জোগাড় করতে উত্তর ২৪ পরগনায় তারা চুরি করতে এসেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ