নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মিশন বাংলা সফল। এবার লক্ষ্য ২০২৯ সালের লোকসভা নির্বাচন। আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি, ককরোচদের উত্থান সহ একাধিক ইস্যুতে চাপে কেন্দ্রীয় সরকার। মুশকিল আসনের ফর্মুলা আরএসএসের হাতে। সেই লক্ষ্যেই শুক্রবার বিহার, ওড়িশা এবং বাংলার শীর্ষ কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন আরএসএস প্রধান মোহন ভগবত। প্রায় ১৪৮জন শীর্ষ আরএসএসের কার্যকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়নি ঠিকই, কিন্তু ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে আগামীর পাখির চোখ কী হতে চলেছে। ২০২৫ সালে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এরাজ্যে এসে সংগঠনের কর্মীদের উজ্জীবিত করে গিয়েছিলেন আরএসএস প্রধান। এবার ২০২৯ সালের লক্ষ্য সামনে রেখে বিভাগ ধরে ধরে অভিযান শুরু করেছেন তিনি।
বৃহস্পতি এবং শুক্রবার দু’দিনের বর্ধমান সফরে এসে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলির কার্যকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন আরএসএস প্রধান। আরএসএস সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে আরও একবার এরাজ্যে আসতে পারেন মোহন ভাগবত। তিনি মধ্যবঙ্গর নেতাদের যে সমস্ত টাক্স দিয়ে গিয়েছেন, তা কতটা পালন হয়েছে খতিয়ে দেখবেন। তিনি দু’দিনের বর্ধমান সফরে এসে বুঝিয়ে দিয়েছেন, শুধু শাখা খুললেই হবে না, সেগুলি কতটা সক্রিয় থাকছে, সেটাও দেখতে হবে। যারা নতুন করে সংগঠনে আসছে, তারা সংগঠনের আদর্শ মেনে চলছে, কি না সেটার উপরও নজরদারি চালাতে বলা হয়েছে। এক আরএসএস নেতা বলেন, শাখায় যে কেউ আসতে পারে। কিন্তু, শাখায় এলেই তিনি আরএসএসের কার্যকর্তা হয়ে উঠবেন এমনটা নয়। তার আগে নিজেকে পরীক্ষায় বসতে হবে। সংঘ কর্তা সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যেককে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। গ্রামে গিয়ে রাত্রিবাস করতে হবে। আরএসএস দেশের স্বার্থে কী চায়, সেটা বুঝিয়ে বলতে হবে।
সংগঠনের অনেকের মতে, এরাজ্যে বিজেপির সাফল্যের পিছনে আরএসএসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন ইস্যুতে অনিয়মে জড়িয়ে পড়েছে। আরএসএসের মূল মন্ত্র হল আগে নিজেকে গড়। অর্থাৎ, সৎ থেকে কাজ করতে হবে। কিন্তু, বিজেপি নেতাদের ক্ষেত্রে উলটোটাই হচ্ছে। অনেকে তোলাবাজির মতো অভিযোগে জড়িয়ে যাচ্ছে। বহুজনের কাছে তারা জরিমানা আদায় করছে। তাতে জনসমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এতদিন আরএসএস সেভাবে বিজেপির সংগঠন নিয়ে তেমন মাথা ঘামায়নি। কিন্তু, আগামী দিনে সংগঠনের রাশ আরএসএসের অফিসেই থাকবে। সেটা হলে আগামী দিনের পক্ষে ভাল হবে বলে দলের অনেকে মনে করছেন। বর্ধমানে আরএসএস প্রধান।-নিজস্ব চিত্র



