আমেদাবাদ: ৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। অবেশেষে বৃহস্পতিবার বিকেলে গুজরাতের কচ্চের রনে মিলল বাঙালি ইঞ্জিনিয়ারের দেহ। নাম অর্ণব পাল। বাড়ি পশ্চিমবঙ্গে। প্রাথমিক অনুমান, ডিহাইড্রেশন ও প্রবল গরমের জেরেই প্রাণ হারান অর্ণব। পূর্ব কচ্ছের এসপি সাগর বাগমারের কথায়, ‘সন্ধে ৬টা থেকে ৭টার মধ্যে মৌভানা গ্রামের কাছে দেহ উদ্ধার করা হয়।’ পূণর্ব্যবহারযোগ্য শক্তির পরিকাঠামো সংক্রান্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন অর্ণব। রবিবার বিএসএফের অনুমতি নিয়ে বেলা গ্রামের কাছে ওই সংরক্ষিত এলাকায় সমীক্ষার কাজে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার উদ্ধার হয় যুবকের দেহ।



