Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যে দক্ষিণের জেলাতে কমলেও বেড়েছে শহরে

উত্তুরে হাওয়া সক্রিয়। তাই শুক্রবার কলকাতাসহ পুরো দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আসার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর।

সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যে দক্ষিণের  জেলাতে কমলেও বেড়েছে শহরে
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয়। তাই শুক্রবার কলকাতাসহ পুরো দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আসার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু বাস্তবে তা হয়নি। দেখা গেল, কলকাতা ও শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা উলটে বুধবারের চেয়ে দেড় থেকে ২ ঩ডিগ্রি বেড়ে গিয়েছে। তবে জেলাগুলির অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম ছিল বীরভূমের শ্রীনিকেতন (১০.৫ ডিগ্রি)। বৃহস্পতিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি। সেখানে কলকাতা (আলিপুর) ও দমদমে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে ছিল। শুক্রবার কলকাতা ও দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৭ এবং ১৬.৭ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি ছিল সল্টলেকে। শুক্রবার তা পৌঁছায় ১৮.৩ ডিগ্রিতে। 

Advertisement

বৃহত্তর কলকাতায় এই ‘ব্যতিক্রমী উষ্ণায়নের’ কারণ কী? আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, স্থানীয় কিছু প্রভাবের জন্য কলকাতা ও লাগোয়া এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়েছে। রাতের দিকে বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয় বাষ্প বেশি পরিমাণে জমা হওয়ার ফলে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ কিছুটা বাধা পেয়েছে। বায়ুপ্রবাহের গতিবেগও কিছুটা কমেছিল এই এলাকায়। পাশাপাশি নগরায়ণেরও কিছু প্রভাব পড়েছে। মত তাঁর। তবে কলকাতা ও শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। এই আশা এখনও দিচ্ছেন আবহাওয়াবিদরা। ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় প্রায় সবদিনই সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির মধ্যে থাকবে। এমন পূর্বাভাস শুক্রবারও দেওয়া হয়েছে। শুধুমাত্র ৯ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। বলছে আলিপুর হাওয়া অফিস। 
শুক্রবার কলকাতার কাছাকাছি কল্যাণী ও উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা অল্প হলেও কমেছে। কল্যাণীতে ১১.৬ ডিগ্রি থেকে তা হয়েছে ১১.৫ ডিগ্রি এবং উলুবেড়িয়ায় ১৪.১ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি। দূরের জেলাগুলির মধ্যে দেখা যাচ্ছে শুধু পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি থেকে বেড়ে ১৩ ডিগ্রি হয়েছে। পানাগড় ও আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কমে ১২ ডিগ্রির আশপাশে এসেছে। সর্বনিম্ন তাপমাত্রা কমে ১২.৮ ডিগ্রি হয়েছে বর্ধমানে। বাঁকুড়া, মেদিনীপুর, দীঘা, সিউড়ি এবং বসিরহাটেও সর্বনিম্ন তাপমাত্রা অল্প মাত্রায় হলেও কমেছে। 
পূর্বাভাস আরও বলছে, আগামী দিনদুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমবে। তারপর দিনপাঁচেক পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন হবে না। আগামী দিনসাতেক উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। দার্জিলিং শহরের একটি জায়গায় অবশ্য শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে ৪.৫ ডিগ্রি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ