Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মিলের আধিকারিক, চাঞ্চল্য বাউড়িয়ায়, ব্যবস্থা না নিলে মিল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

মিলের কাজ সেরে বাড়ি ফেরার পথে বাউড়িয়ার গ্লস্টার লিমিটেডের এক আধিকারিককে মারধরের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে।

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মিলের আধিকারিক, চাঞ্চল্য বাউড়িয়ায়, ব্যবস্থা না নিলে মিল বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মিলের কাজ সেরে বাড়ি ফেরার পথে বাউড়িয়ার গ্লস্টার লিমিটেডের এক আধিকারিককে মারধরের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। ওই আধিকারিক বর্তমানে বাউড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। মিল কর্তৃপক্ষ বাউড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছে। এদিকে, এই ঘটনার পর থেকেই মিলের আধিকারিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা না নিলে মিল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে মিল কর্তৃপক্ষ।

Advertisement

বাউড়িয়ার ফোর্ট গ্লস্টারে আছে রাজ্যের অন্যতম বড়ো জুট মিল গ্লস্টার জুটমিল। মিলের চারটি ইউনিটে প্রায় ৭-৮ হাজার শ্রমিক বিভিন্ন শিফটে কাজ করেন। মিল সূত্রে খবর, গত ৩-৪ মাস ধরে মিলের জমিতে বেআইনি নির্মাণকে কেন্দ্র করে একটা ঝামেলা চলছিল। সেই ঝামেলার কারণে মিলের কয়েকজন আধিকারিকের সঙ্গে এলাকার লোকজনের বিবাদ পর্যন্ত হয়েছিল। মিলের প্রেসিডেন্ট এস এন চৌবে অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে মিলের আধিকারিক নীরজ ঝাঁ রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। রাতে আমরা খবর পাওয়ার পর নীরজকে প্রথমে বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে, পরে তাঁকে বাউড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করি। এদিন তিনি বাউড়িয়া থানার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। যদিও পুলিশ সুপারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন চৌবে। তাঁর অভিযোগ, আগে এই ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ নির্বাচনের অজুহাত দেখিয়ে কিছু না করায় এই সুযোগে একাধিক বেআইনি নির্মাণ হয়ে গিয়েছে। এই ঘটনার পর থেকে মিলের সব কর্মী আতঙ্কিত। তাঁরা সকলেই আমাকে লিখিতভাবে সেকথা জানিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সাহায্য না পাওয়া যায়, তাহলে আমরা মিল বন্ধ করে দেব। মিলের আধিকারিককে মারধরের ঘটনা প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল বলেন, একটি মামলা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ