সংবাদদাতা, বজবজ: ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টাতে ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়া আটকাতে পদক্ষেপ করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর দক্ষিণ ২৪ পরগনা কার্যালয় থেকে বিষয়টি দেখার জন্য ডায়মন্ডহারবার পুলিস সুপারকে চিঠি দিয়েছে জেলা সংখ্যালঘু বিভাগ। পুলিস সুপারকে ওয়াকফ বোর্ডের ওই সম্পত্তি রক্ষার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
Advertisement
৮ নভেম্বর ‘বর্তমান’-এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে উল্লেখ করা হয়েছিল, ওয়াকফ সম্পত্তির নথি জাল করে জমি বিক্রির চক্র সক্রিয় ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টাতে। ইতিমধ্যে ট্রাস্টের নামে দেওয়া সুবিদ আলি এবং তাঁর ভাইদের অনেক জমি বিক্রি হয়েছে। এরপরই শোরগোল পড়ে যায় প্রশাসনের অন্দরে। তড়িঘড়ি পুলিস সুপারের কাছে চিঠি দিয়ে বিষয়টি দেখতে বলা হয়েছে। জেলা প্রশাসন থেকে পুলিস সুপারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, কালীতলা আশুতি থানার বাসিন্দা গোলাম সামদালি মণ্ডল লিখিত অভিযোগ জানিয়েছেন। তাতেই দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট এলাকায় ওয়াকফ বোর্ডের জমি ও পুকুর জাল দলিল করে ব্যক্তি নামে হস্তান্তর হচেছ মোটা টাকার বিনিময়ে। সরকারি সম্পত্তি এইভাবে বেহাত হতে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে পুলিস সুপারের কাছে বিষয়টি দেখার পাশাপাশি কড়া পদক্ষেপ নেওয়ার কথা চিঠিতে বলা হয়েছে। এর প্রতিলিপি রাজ্য ওয়াকফ বোর্ড, দক্ষিণ ২৪ পরগনার সভাধিপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার এবং গোলাম সামদালিকেও দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চট্টা এলাকায় এ ধরনের বেআইনি কার্যকলাপ অনেকদিন ধরে চলছে। একটি প্রভাবশালী গোষ্ঠীর মদতে এটা চলছে। যদিও অভিযোগকারী গোলাম সামদালির দাবি, আমাদের কাছে ওই সংক্রান্ত আরও নথি রয়েছে। তদন্ত করতে এলে সবটাই তুলে দেওয়া হবে।



