সংবাদদাতা, উলুবেড়িয়া: মহিলাবান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে মঙ্গলবার শুরু হল মহিলা সদস্যদের প্রশিক্ষণ। আমতা ২ পঞ্চায়েত সমিতির সমস্ত গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত মহিলা সদস্যদের নিয়ে দুইদিনের এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় আমতা ২ ব্লক অফিসে। সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। কর্মশালায় ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের ১১২ জন মহিলা সদস্যের মধ্যে ৯৫ জন অংশগ্রহণ করেছিলেন। প্রশাসন সূত্রে খবর, জেলার প্রতিটি ব্লকেই এমন প্রশিক্ষণ কর্মাশালা হবে।
Advertisement
এই প্রশিক্ষণে অন্যতম উদ্দেশ্য হল- নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্বে উন্নয়ন, স্থানীয় শাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য নারীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা, নারীদের প্রতি বৈষম্য সংক্রান্ত সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং সেগুলির সমাধানের জন্য প্রশিক্ষণ ইত্যাদি। পাশাপাশি নারীর নিরাপত্তা, অধিকার এবং সুরক্ষা বৃদ্ধির জন্য প্রকল্পগুলির বাস্তবায়নে নারী প্রতিনিধিদের সাহায্য করা, লিঙ্গ সংক্রান্ত আইন, কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তাঁদের অবহিত করা, যাতে সেগুলির যথাযথ বাস্তবায়ন সম্ভব হয়। এর সঙ্গে স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন এবং সামগ্রিকভাবে সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করা এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশাসন সূত্রে খবর, এই প্রশিক্ষণের লক্ষ্য হল এমন একটি পরিবেশ গড়ে তোলা, যেখানে নারীদের অংশগ্রহণ গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে।-নিজস্ব চিত্র



