সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে বাংলা-বিহার সীমানার ফুলহর নদীর পাড়ে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভাকুরিয়া মিহাহাট বেলগাছি গ্রামবাসীর পরিচালনায় শুরু হল মহাবিষ্ণু যজ্ঞ। চলবে ১৮ফেব্রুয়ারি পর্যন্ত। সাতদিন ধরে চলবে উৎসব। এবছর ১৮তম বর্ষে পদার্পণ করল এই উৎসব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সময় উত্তরাখণ্ডের থিওরি জেলা থেকে আসা মনোজ দাসব্রহ্মচারী এই এলাকায় এসে নদীর তীরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের। তারপর থেকেই এই উৎসব চলছে বলে জানালেন কমিটির কর্মকর্তারা। আয়োজক কমিটির কর্ণধার সরজু মণ্ডল বলেন, ১০৮টি কলস যাত্রার মাধ্যমে এই বিষ্ণু যজ্ঞ উৎসবের সূচনা হয়।



