Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ট্রাম্পকে তুষ্ট করতে এবার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাল মেক্সিকো

আমেরিকার পর এবার মেক্সিকো। এবার ভারতীয় পণ্যের উপর আকাশছোঁয়া আমদানি শুল্ক চাপাল উত্তর আমেরিকার এই দেশ।

ট্রাম্পকে তুষ্ট করতে এবার ভারতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাল মেক্সিকো
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকার পর এবার মেক্সিকো। এবার ভারতীয় পণ্যের উপর আকাশছোঁয়া আমদানি শুল্ক চাপাল উত্তর আমেরিকার এই দেশ। বুধবার মেক্সিকোর সেনেটে অনুমোদিত প্রস্তাবে বলা হয়েছে, ভারত, চীন সহ এশিয়ার একঝাঁক দেশের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত কর চাপানো হবে। বিশ্বজুড়ে বাণিজ্য-যুদ্ধের আবহে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করতেই মেক্সিকো সরকারের এই সিদ্ধান্ত বলে কূটনৈতিক মহলের মত।

Advertisement

বর্ধিত হারে এই শুল্ক ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হবে। মেক্সিকোর সঙ্গে যে দেশগুলির বাণিজ্য চুক্তি নেই সেই দেশগুলি থেকে আসা গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, পোশাক, প্লাস্টিক, ইস্পাতের উপর ৫০ শতাংশ পর্যন্ত কর চাপবে। এর অর্থ ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলির উপর প্রভাব পড়বে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের যুক্তি, এই পদক্ষেপের ফলে ঘরোয়া উৎপাদন চাঙ্গা হবে। যদিও কূটনৈতিক মহলের ব্যাখ্যা, মেক্সিকোর সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী হল আমেরিকা। ওয়াশিংটন শীঘ্রই আমেরিকা-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির পর্যালোচনা করতে চলেছে। তার আগে বিগত বেশ কয়েক সপ্তাহই শেনবাম সরকারকে হুমকি দিয়ে চলেছেন ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, মেক্সিকোর থেকে আমেরিকায় ঢোকা ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ কর চাপানো হতে পারে। পাশাপাশি, 
মাদক উৎপাদনে ব্যবহৃত ফেন্টানিল যদি মেক্সিকো থেকে আমেরিকায় ঢোকা বন্ধ না হয়, তাহলে আরও ২৫ শতাংশ শুল্ক বসবে। এই পরিস্থিতিতে 
মার্কিন প্রেসিডেন্টের মন রাখতে গিয়েই এবার ভারত সহ এশিয়ার দেশগুলির পণ্যের আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করল মেক্সিকো। এর ফলে উত্তর আমেরিকার এই দেশটির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ধাক্কা খাবে বলেই মনে করা হচ্ছে। ২০২৪ সালে রেকর্ড ১ হাজার ১৭০ কোটি ডলারের বাণিজ্য হয়েছিল দুই দেশের মধ্যে। মেক্সিকো থেকে ভারতের আমদানির পরিমাণ ২৮০ কোটি ডলার। রপ্তানির পরিমাণ অনেক বেশি, 
প্রায় ৮৯০ কোটি ডলার। মেক্সিকো বিশাল পরিমাণে শুল্ক চাপানোয় আগামী বছরে সেই দেশে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে ধাক্কা খাবে ভারত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ