নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক বছরের অপেক্ষার পালা শেষ। শুরু হল দেবীপক্ষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কাউন্টডাউন একেবারে শেষের পথে। এবছরই বাংলার রাজধানী কলকাতার মেট্রো দাঁড়িয়ে এক বৈপ্লবিক সন্ধিক্ষণে। কেননা, ৪১ বছর আগে এই শহরে চালু হয়েছিল দেশের প্রথম মেট্রো পরিষেবা। কালের নিয়মে শহর ছাড়িয়ে আরও দূরের অংশে পৌঁছে গিয়েছে পরিবেশবান্ধব এই যান। আর এ বছর দুর্গাপুজোয় মহানগরীতে চলবে সবমিলিয়ে পাঁচটি মেট্রো রুট। যা গত চার দশকের রেকর্ড। সংশ্লিষ্ট মেট্রো করিডোরগুলি হল-শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ, জোকা-মাঝেরহাট, কবি সুভাষ-বেলেঘাটা এবং নোয়াপাড়া-বিমানবন্দর। শেষ মেট্রো রুটটি এবং ইস্ট-ওয়েস্ট রুটটির উদ্বোধন হয়েছে ২২ আগস্ট। অর্থাৎ ২০২৫ সালের শারদোৎসবে শহরে এযাবৎ সর্বাধিক রুটে যাত্রী পরিষেবা দেবে রেল। এই আবহে পুজোয় যাত্রীদের জন্য অফুরন্ত যাত্রার বিশেষ সুযোগও দিচ্ছে মেট্রো। স্পেশাল স্মার্ট কার্ড চালু করেছে তারা। তিনদিনের জন্য ২৫০ টাকা ও পাঁচদিনের জন্য ৫৫০ টাকার কার্ড পাওয়া যাচ্ছে সমস্ত মেট্রো কাউন্টারে।
অঙ্কের হিসেব বলছে, তিনদিন কিংবা পাঁচদিনের এই স্মার্ট কার্ড কিনলে দৈনিক যাত্রীদের খরচ পড়বে যথাক্রমে ৮৩ টাকা এবং ১১০ টাকা। ঠাকুর দেখতে বেড়িয়ে কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মধ্য অংশ পেরিয়ে বেহালা ও সল্টলেক পৌছে যাওয়া যাবে মেট্রোতে। এক্ষেত্রে সীমাহীন যাত্রায় সারাদিন মেট্রো সফর করলে লাভের গুড় খাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে যাত্রীদের। বাড়তি পাওনা হিসেবে টিকিট কাটার লম্বা লাইনে না দাঁড়িয়ে প্রিয়জনদের নিয়ে মেট্রো সফরে ‘স্মার্ট’ এন্ট্রি-এগজিট ফ্রি। কলকাতার দুর্গাপুজো ইতিমধ্যেই পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এসময় এ শহরে আসেন। তাঁদের জন্য এই স্পেশাল স্মার্ট কার্ড বিশেষ সহযোগী হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা।
পুজোর আবহে এই বিশেষ সুযোগ যাত্রীমহলে খুশির খবর বয়ে আনছে। পাশাপাশি যদিও দুশ্চিন্তার কালো মেঘও ঘনাচ্ছে। পাঁচ-পাঁচটি রুট চালু হয়ে গেলেও পর্যাপ্ত কর্মীর অভাবে কার্যত ধুঁকছে মেট্রো। নর্থ-সাউথ পথে ২৮ জুলাই থেকে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। তারপর থেকে অনিয়মিত মেট্রো চলাচলে রীতিমত ক্ষুব্ধ যাত্রীরা। একই রোগ লেগেছে হাওড়া-সল্টলেক মেট্রোতেও। গত বুধবার ও বৃহস্পতিবার ঘণ্টার পর ঘণ্টা বন্ধ ছিল এই রুট। বাকি তিনটি পথে এখনও বিপর্যয় ঘটেনি।
কিন্তু যাত্রীদের আশঙ্কা, বাড়তি দাম দিয়ে স্পেশাল স্মার্ট কার্ড কিনে ঠকতে হবে না তো? প্যান্ডেল হপিংয়ের প্ল্যান ভেস্তে যাবে না তো আচমকা মেট্রো বন্ধ হয়ে গেলে? পুজোর সময় যাত্রীদের আশা-আশঙ্কার দোলাচল কাটানোর কঠিন পরীক্ষা এবছর দিতে হবে মেট্রোকে।