


ফ্লোরিডা: নির্বাসনের কারণে মেজর লিগ সকারের শেষ ম্যাচে দলে ছিলেন না লায়োনেল মেসি। তাঁর অনুপস্থিতিতে পয়েন্ট খোয়াতে হয় ইন্তার মায়ামিকে। তবে লিগস কাপের ম্যাচে আর্জেন্তাইন মহাতারকা দলে ফিরতেই জয়ের চেনা সরণিতে ডেভিড বেকহ্যামের দল। বৃহস্পতিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকান ক্লাব অ্যাটলাসকে ২-১ গোলে হারাল তারা। মেসি স্কোরশিটে নাম না তুললেও, দলের দু’টি গোলের ক্ষেত্রেই তাঁর অবদান রয়েছে। ইন্তার মায়ামির হয়ে জাল কাঁপান তালেস্কো সেগোভিয়া ও মার্সেলো ভিগান্ট। মেক্সিকান ক্লাবটির একমাত্র গোলটি রিভান্ডো লোজানোর। উল্লেখ্য, এদিনই ইন্তার মায়ামির জার্সিতে অভিষেক ঘটে রডরিগো ডে পলের।
মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে অংশগ্রহণ না করার করার এক ম্যাচ নির্বাসিত হতে হয়েছিল মেসিকে। এই কারণে টানা ম্যাচ খেলার ধকল থেকে বাড়তি বিশ্রাম পান তিনি। আর তা তাঁকে অনেকটাই সাহায্য করেছে। এদিন প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে প্রতিপক্ষকে গোলের মালা পরাতে পারতেন সুয়ারেজরা। তবে শেষ পর্যন্ত সংযোজিত গোলে জয় পাওয়ায় বেশ উত্তেজিত দেখায় এলএমটেনকে। সচরাচর এভাবে খুব একটা আবেগের বহিঃপ্রকাশ করেন না তিনি। কোচ হাভিয়ের মাসচেরানো অবশ্য এটাকে ইতিবচক হিসেবে দেখছেন। তাঁর কথায়, ‘মেসি একজন প্রকৃত টিমম্যান। ওঁর কাছে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলের সাফল্য অনেক বেশি গুরুত্ব রাখে। এই ম্যাচে জয় পাওয়াটা কতটা প্রয়োজন ছিল, সেটা ম্যাচ শেষে উচ্ছ্বাসই বলে দিচ্ছে।’
ইন্তার মায়ামি- ২ : অ্যাটলাস- ১