মায়ামি: ‘যেন ক্যানভাসে তুলির টান!’ বৃহস্পতিবার লায়োনেল মেসির ফ্রি-কিক বর্ণনা করতে এই উপমাই আওড়াচ্ছিলেন ধারাভাষ্যকার। আর আটালান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়ামে দর্শকদের ঘোর তখনও কাটেনি। অতীতেও তাঁরা লিওর বহু ফ্রি-কিক দেখেছেন। কিন্তু মেসি-ম্যাজিক যে ইন্দ্রজালের মতো। বারবার দেখলেও বিস্মিত হতে হয়। বৃহস্পতিবার শুরুতে পিছিয়ে পড়েও আর্জেন্তাইন মহাতারকার সৌজন্যে পোর্তোকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্তার মায়ামি। সেই সুবাদে প্রথম আমেরিকান ক্লাব হিসেবে ইউরোপের কোনও দলকে হারানোর রেকর্ড গড়ল ডেভিড বেকহ্যামের ক্লাব। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে পরের রাউন্ডের আশাও জিইয়ে রাখল তারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’তে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্তার মায়ামি।



