ইন্তার মায়ামি- ৪ : আটলান্টা- ০
ইন্তার মায়ামি- ৪ : আটলান্টা- ০
ফ্লোরিডা: শুক্রবার তাঁকে বাইরে রেখেই দল সাজিয়েছিলেন লায়োনেল স্কালোনি। টানা ম্যাচ খেলার ক্লান্তির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্তিনা কোচ। দেশের হয়ে না খেললেও, ২৪ ঘণ্টার মধ্যে ক্লাব জার্সিতে মাঠে নামলেন লিও মেসি। শুধু তাই নয়, জোড়া গোলে বুঝিয়ে দিলেন, এখনও তিনি ফুরিয়ে যাননি। মেসি-ম্যাজিকে ভর করেই শনিবার মেজর লিগ সকারে বড় জয় পেল ইন্তার মায়ামি। ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে বশ মানাল ডেভিড বেকহ্যামের দল। মেসির পাশাপাশি স্কোরশিটে নাম তোলেন জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এই জয়ের সুবাদে ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানেই রইল হাভিয়ের মাসচেরানো-ব্রিগেড।
চলতি মরশুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন জর্ডি আলবা। আর মেজর লিগ সকারে শনিবার ছিল তাঁর শেষ হোম ম্যাচ। তাই দীর্ঘদিনের সতীর্থের সেই আবেগের ম্যাচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি মেসি। দেশের হয়ে মাঠে না নামলেও, এদিন শুরু থেকেই খেলেন তিনি। ৩৯ মিনিটে মেসির গোলেই লিড নেয় ইন্তার মায়ামি। প্রতিপক্ষ বক্সের ডানদিক থেকে ট্রেডমার্ক স্টাইলে বাঁপায়ের বাঁক খাওয়ানো শটে জাল কাঁপান আর্জেন্তাইন মহাতারকা (১-০)। দীর্ঘ ক্লাব কেরিয়ারে একাধিকবার আলবার পাস থেকে জাল কাঁপিয়েছেন মেসি। তবে এদিন তাঁর সাজিয়ে দেওয়া সেন্টার থেকে স্কোরশিটে নাম তোলেন প্রাক্তন স্প্যানিশ লেফট উইং-ব্যাক। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান বাড়ান আলবা (২-০)। এরপর ৬১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপান এই উরুগুয়ান তারকা (৩-০)। আর ৮৭ মিনিটে আলবার সেন্টার থেকে প্রতিপক্ষ কফিনে শেষ পেরেকটি পোঁতেন মেসি (৪-০)।