Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী

মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কাশিমপুর পঞ্চায়েত এলাকায়।

দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কাশিমপুর পঞ্চায়েত এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বজিৎ ঘরামি। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরে মামার বাড়িতে থাকেন বছর সাতাশের ওই তরুণী। দিদিমা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। দাদু অসুস্থ হয়ে শয্যাশায়ী। অভিযোগ, দিদিমা কাজে চলে গেলে বাড়িতে ঢুকে কাজকর্ম করত বিশ্বজিৎ। পরিবারের দাবি, কিছুদিন ধরেই সে যুবতীকে উত্ত্যক্ত করছিল। গত মঙ্গলবার বাড়ি ফাঁকা থাকায় মানসিক ভারসাম্যহীন যুবতীকে সে ধর্ষণ করে। তার চিৎকারে অন্যান্য পড়শিরা ছুটে আসে। এই ঘটনায় দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত বিশ্বজিৎ ঘরামিকে গ্রেফতার করে। পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্ত। নির্যাতিতার পরিবারের দাবি, দোষীকে উপযুক্ত শাস্তি দিক আদালত। 

Advertisement

প্রসঙ্গত, কয়েকদিন আগে দত্তপুকুর থানা এলাকায় এক মূক ও বধির কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে তোলপাড় পড়ে এলাকায়। এই আবহে ফের এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ