


বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: মৃত্যু হয়েছে মেঘালয়ের কয়লা খনি দুর্ঘটনায়। শেষকৃত্যও সম্পন্ন হয়ে গিয়েছে। শোকে পাথর পরিবার। হঠাৎই চমক। জীবিত অবস্থায় বাড়ি ফিরলেন ওই শ্রমিক। নাম শ্যামবাবু সিনহা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমের শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকায়।
গত ৫ ফেব্রুয়ারি মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের থাংস্কুর এক কয়লা খনিতে বিস্ফোরণে ৩০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের তালিকায় ছিল শ্যামবাবুরও নাম। প্রশাসন তাঁর পরিবারের হাতে দেহও তুলে দিয়েছিল। এরপর শেষকৃত্যও সম্পন্ন হয়। এবার শ্যামবাবু ‘জীবিত’ ফিরে আসার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্যামবাবুর নামে কার দেহ দেওয়া হয়েছিল পরিবারের হাতে? যার মৃতদেহ ছিল তার প্রকৃত পরিচয় তবে কি ছিল? পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্যামবাবু প্রায় এক মাস আগে কাজের সন্ধানে মেঘালয় গিয়েছিলেন। তিনি থাংস্কুর চুতুঙ্গা এলাকার একটি কয়লা খনিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৫ ফেব্রুয়ারির দুর্ঘটনার পর থেকে শ্যামবাবুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরিবার। সেই সূত্রে শ্যামবাবুর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। যাইহোক, জীবিত অবস্থায় শ্যামবাবু ফিরে আসায় পরিবারে ও স্থানীয় এলাকায় আপাতত খুশির মেজাজ। শ্যামবাবু সিনহা।