Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক সিউড়ি রবীন্দ্রসদনে

আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার। তার আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভা হল বৃহস্পতিবার।

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক সিউড়ি রবীন্দ্রসদনে
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার। তার আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভা হল বৃহস্পতিবার। এদিন সকালে সিউড়ির রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে ওই সভা হয়। যেখানে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, উচ্চমাধ্যমিক কাউন্সিলের জেলার যুগ্ম আহ্বায়ক অভিজিৎ নন্দন সহ অন্যান্যরা। সেখানেই পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এপ্রিল মাসের শেষের দিকে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে জানান চিরঞ্জীব ভট্টাচার্য। 

Advertisement

জানা গিয়েছে, এবছর প্রথম একসঙ্গে তিনটি পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকের। প্রথমত, উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা। যেখানে লিখিত পরীক্ষা হবে পড়ুয়াদের। এই পরীক্ষা সকাল ১০ থেকে ১২টা পর্যন্ত হবে। এরপর দুপুরে হবে যাঁরা উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে অকৃতকার্য হয়েছিল বা পরীক্ষায় বসেনি তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা। এছাড়া যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দেবে অর্থাৎ ৩ ঘণ্টা ১৫ মিনিট ধরে পরীক্ষা দেবেন তাঁদের পরীক্ষা।  স্বাভাবিকভাবেই একসঙ্গে তিনটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে কর্তৃপক্ষকে। ফলে অন্যান্য বারের তুলনায় এবছর পরীক্ষা পরিচালনা করা অনেক বেশি কঠিন। সেই নিয়ে এদিন বিস্তর আলোচনা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, গাইডলাইনে নেই। তবে যাঁরা চতুর্থ সেমিস্টার দেবে তাঁদের পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্র দিয়ে দিতে হবে। তবে উত্তরপত্র দেওয়া হবে একদম পরীক্ষার সময়ে। এই ১০ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ে দেখার জন্য দেওয়া হচ্ছে। একইভাবে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ওএমআর শিট দেওয়া হবে। যাতে তাঁরা পরীক্ষা শুরুর আগেই ওএমআর শিট পূরণ করে নিতে পারে। তবে তাঁদের ক্ষেত্রে প্রশ্নপত্র পরীক্ষা শুরু সময়ে দেওয়া হবে। এছাড়া তিনি আরও জানান যে, যাতে তিনটি পৃথক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে কোনও বিভ্রান্তি না হয়, তাই তিনটি পৃথক রঙের প্যাকেটে প্রশ্নপত্র দেওয়া হবে। যেমন, চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রের প্যাকেটের রঙ সাদা। সাপ্লিমেন্টারী তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে হলুদ এবং পুরনো পদ্ধতিতে পরীক্ষার প্রশ্নপত্র নীল রঙের প্যাকেটে থাকবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে তিনি জানান, আমরা এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে পারব বলে আমরা আশাবাদী। তবে ফল প্রকাশের ক্ষেত্রে সরকারি কিছু বিধিনিষেধ থাকে। তাছাড়া ওই সময়ে চলতে পারে আদর্শ নির্বাচনী বিধি নিষেধে। তাই রাজ্য সরকারের শিক্ষাদপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা নির্দিষ্ট তারিখ ঘোষণা করব। তবে আমাদের দিক থেকে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ