Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পুজোর ছবি নিয়ে বৈঠক

সম্প্রতি বাংলা ছবির স্বার্থে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পুজোর ছবি নিয়ে বৈঠক
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি বাংলা ছবির স্বার্থে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মাল্টিপ্লেক্স সহ রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতে হবে বলে নির্দেশ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সব পক্ষই। পাশাপাশি গঠিত হয়েছিল সিনেমা স্ক্রিনিং কমিটি। সেই কমিটির প্রথম বৈঠক আয়োজিত হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন অভিনেতা-প্রযোজক দেব, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক ফিরদৌসল হাসান, রানা সরকার, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী প্রমুখ। দুর্গাপুজোর মরশুমে বাংলা ছবির শো টাইম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। জানানো হয়েছে, প্রাইম টাইমে প্রাধান্য পাবে বাংলা ছবিই। সময় ভাগ করে সমস্ত হলে চারটি বাংলা ছবিকেই জায়গা দেওয়া হবে বলে খবর। বৈঠক শেষে পিয়া সেনগুপ্ত বলেন, ‘আগের বৈঠকের পর যে সিনেমা স্ক্রিনিং কমিটি গড়া হয়েছিল, তারই প্রথম বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুর্গাপুজোর মরশুমেও বাংলা সিনেমাকে প্রাইম টাইমে প্রাধান্য দেওয়া হবে। পুজোতে যে ক’টি বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলি নিজেদের মধ্যে হল ভাগ করে নেবে। বাংলা সিনেমার লাভ হবে বলেই আশা করছি।’ সম্প্রতি বাংলা সিনেমাকে বাঁচানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন টলিউডের কলাকুশলীরা। বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলে কোণঠাসা হয় বাংলা সিনেমা, এই অভিযোগ তুলে সরব হন তাঁরা। রাজ্য সরকারের হস্তক্ষেপে সবপক্ষকে নিয়ে মিটিংয়ে চূড়ান্ত হয়, বাংলায় গুরুত্ব পাবে বাংলা ছবি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ