নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে চিকিৎসা খরচের নতুন হার নির্ধারণ করা হল। এখন থেকে এই প্রকল্পে নথিভুক্ত বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম-ক্লিনিকগুলি কেন্দ্রীয় সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের (সিজিএইচএস) হারে চিকিৎসা খরচ পাবে। সিজিএইচসি’র রেট পরিবর্তন হলে এখানেও তা কার্যকর করা হবে বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির ভৌগোলিক অবস্থান অনুযায়ী খরচ দেওয়া হবে। তার জন্য তিনটি শ্রেণি (এক্স, ওয়াই, জেড) করা হয়েছে। বৃহত্তর কলকাতা ‘এক্স’ শ্রেণিতে পড়ছে। এখানে সবথেকে বেশি হারে খরচ দেওয়া হবে। ওয়াই শ্রেণিতে অন্তর্ভুক্ত দুর্গাপুর-আসানসোল- শিলিগুড়িতে কলকাতার তুলনায় ১০ শতাংশ কম দেওয়া হবে। রাজ্যের বাকি এলাকা পড়ছে ‘জেড’ শ্রেণিতে। সেখানে কলকাতার থেকে ২০ শতাংশ কম খরচ দেওয়া হবে। নথিভুক্ত নয়, এমন জায়গায় চিকিৎসা করালে আগের মতো ৬০ থেকে ৮০ শতাংশ খরচ মিলবে। নতুন করে খরচের হার নির্ধারিত হওয়ায় এই প্রকল্পের অন্তর্ভুক্ত সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের সুবিধা হবে। কারণ, নথিভুক্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে এখন এই প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা দিতে আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, আরও অনেক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান প্রকল্পে যুক্ত হতে পারে। প্রসঙ্গত, চিকিৎসার খরচ অনেক কম দেওয়া হয়— এই অভিযোগ দীর্ঘদিন ধরে করছিল অনেক প্রতিষ্ঠান। কোনো কোনো বড়ো চিকিৎসা প্রতিষ্ঠান এই প্রকল্প থেকে বেরিয়েও আসে।



