নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শনিবার রাতে আরামবাগ মহকুমাজুড়ে নাকা চেকিং চালায় পুলিস। আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া থানায় বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং করা হয়। মদ্যপ অবস্থায় বাইক চালানো ও হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোট ১৪০জনকে জরিমানা করেছে পুলিস। এব্যাপারে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, মহকুমায় প্রত্যেক থানা এলাকায় নিয়মিত নাকা চেকিং চলে। ওইদিন রাতেও তা হয়েছে। পুলিস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ৭টা থেকে ১০টা পর্যন্ত নাকা চেকিং চালানো হয়। আরামবাগ থানার দৌলতপুর, মনসাতলা, কাবলে সহ বিভিন্ন এলাকার রাস্তায় পুলিস চেকিং করে। কয়েকজনকে মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা করে। এছাড়া ৭৬ জনের বিরুদ্ধে নির্দিষ্ট নিয়ম না মেনে বাইক চালানোর জন্য ফাইন করে। নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছে কি না পুলিস তাও খতিয়ে দেখে।



