চেন্নাই: তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। ডিএমকের সঙ্গে জোট ভাঙার কথা ঘোষণা করল ভাইকোর দল এমডিএমকে। নয় বছর ধরে ডিএমকের জোটসঙ্গী ছিল তারা। বিধানসভা নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন জোটের ভরাডুবির পর থেকেই স্ট্যালিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল বিরোধীদের মধ্যে। তার মধ্যে সরকার গড়ার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে-কে সমর্থনের কথা ঘোষণা করে দেয় কংগ্রেস। এবার স্ট্যালিনের হাত ছাড়ল এমডিএমকেও। শনিবার দলের সাধারণ পরিষদের বৈঠক বসে। বৈঠকের পর জোট ভাঙার ঘোষণার পাশাপাশি ভাইকোর দলের তরফে বর্তমান সরকারের প্রশংসা করা হয়েছে। জোট ছাড়ার কারণ হিসাবে বলা হয়েছে, এমডিএমকে-কে দুর্বল করার চেষ্টা চলছে। যদিও স্ট্যালিনের দল এই অভিযোগ অস্বীকার করেছে।



