নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। গতকাল অর্থাৎ রবিবার মধ্যরাতে দক্ষিণ কলকাতার গরফার ৭/৩ কালীতলা রোডে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিস সূত্রে খবর, রাত ১টা ২০ মিনিট নাগাদ গরফার ওই ফ্ল্যাটটিতে আচমকাই আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ২টো ৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। পাশাপাশি উদ্ধার করা হয় এক মহিলার মৃতদেহও। মৃতার নাম বেবি মণ্ডল (৬৫)।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিল্ডিংয়ের দোতালার একটি ফ্ল্যাট থেকেই ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাঁকে উদ্ধারের পরই তড়িঘড়ি এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী ভাবে মধ্যরাতে ওই ফ্ল্যাটটিতে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



