সংবাদদাতা, কাকদ্বীপ: মধুচক্রের আসর থেকে পাঁচজন যুবককে গ্রেপ্তার করল পুলিস। এছাড়া তিনজন মহিলাকেও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বকখালি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিস গোপন সূত্রে জানতে পারে যে, তিনজন মহিলাকে বকখালির একটি হোটেলে নিয়ে আসা হচ্ছে। এরপরই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হৃদি সরকারের নেতৃত্বে একটি পুলিস টিম তৈরি করা হয়। সেই পুলিস টিম ওই রাতেই হোটেলে অভিযান চালিয়ে তিন মহিলাকে উদ্ধার করে।
Advertisement
এই ঘটনায় পাঁচজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল রাজ সর্দার, দেবাশিস সাহা, সিদ্ধার্থ চক্রবর্তী, মেঘনাথ মাইতি ও শেখ নুরুদ্দিন। শনিবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সৌমিত্র হালদার জানান, বিচারক দুইজনকে তিনদিনের পুলিসি হেফাজত ও তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



