নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার দুপুরে শিউলি উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘর পরিদর্শন করেন বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। ভাত, ডাল, আলু-কুমড়োর তরকারি পড়ুয়াদের মধ্যে বিলিও করেন করেন তাঁরা। রাধুনিদের সঙ্গে কথাবার্তা বলেন। পড়ুয়াদের হাতে খাবার তুলে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বসে সেই খাবারও খেলেন বিডিও সারোয়ার আলি ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী।
Advertisement
পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বারাকপুর ২ পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার গুণগতমান পরীক্ষা করতে এই আচমকা পরিদর্শন। আমরা দেখেছি যে, রাধুনিদের রান্না যথেষ্ট উন্নতমানের। পড়ুয়ারা তৃপ্তি করে ভাত, ডাল, কুমড়ো আলুর তরকারি খেয়েছে। রাধুনিদের সঙ্গে কথাবার্তা বলেছি। রান্না ঘরও ঘুরে দেখেছি। কোনও সমস্যা নেই। খাবার নিয়ে পড়ুয়াদের কোনও অসুবিধা আছে কি না, তাও জিজ্ঞাসা করেছি। মিড ডে মিলের খাবারের বর্জ্য ফেলার জায়গা নিয়ে অসুবিধা রয়েছে। সেই সমস্যারও সমাধান করে দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ এবং ওয়াটার এটিএম-এর কাজও তদারকি করা হয়েছে এদিন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়ারা এই পরিদর্শনে খুশি।



