Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মিড ডে মিলে বেনিয়ম হাইস্কুলে, এফআইআর প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মিড ডে মিলে বেনিয়ম হাইস্কুলে, এফআইআর প্রধান শিক্ষকের বিরুদ্ধে
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মিড ডে মিলে বেনিয়মের অভিযোগে হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ব্লক প্রশাসন ও শিক্ষাদপ্তর। আর এরপর থেকেই পলাতক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়া ইসলাম। প্রধান শিক্ষক বিদ্যালয়ে না আসায় ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। দেগঙ্গা ব্লকের মধ্যে অন্যতম বিদ্যালয় হল দেগঙ্গার চৌরাশি হাইস্কুল। পড়ুয়ার সংখ্যা প্রায় ২৩০০। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া সংখ্যা প্রায় ১১০০। মিড ডে মিল নিয়ে কয়েকমাস ধরে বেনিয়মের অভিযোগ উঠছিল। স্কুলে বিক্ষোভও হয়। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে বিদ্যালয়ে যান প্রশাসনের একটি প্রতিনিধি দল। অভিযোগ ওঠে, দৈনিক যে পরিমাণ পড়ুয়া উপস্থিত থাকে তার তুলনায় বেশি উপস্থিতি দেখান প্রধান শিক্ষক। শুধু তাই নয়, কিছু বললে তাতে কর্ণপাত করতেন না তিনি। এছাড়া বিদ্যালয়ের খাবারের গুণগত মানও নিম্নমানের ছিল বলেই অভিযোগ। পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য পড়ুয়াদের কাছ থেকে তিনি অতিরিক্ত টাকা নিতেন। যার জেরে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সবমিলিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে মাসে চৌরাশি হাইস্কুল। প্রশাসনের পক্ষ থেকে এনিয়ে রিপোর্ট সংগ্রহ করা হয়। আর তাতে স্পষ্ট উঠে আসে টাকা গরমিলের বিষয়। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়। এক লক্ষ টাকার গরমিল ও মিড ডে মিলের চালে কারচুপির অভিযোগ হয়েছে থানাতে। এনিয়ে দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, নয়ছয়ের বিষয় ধরা পড়তেই ওঁর নামে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিস গোটা ঘটনা তদন্ত করছে। এনিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়া ইসলামকে ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় প্রতিক্রিয়া মেলেনি। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। গোটা বিষয়টি তদন্তের পর্যায়ে আছে। তবে, অভিভাবকরা বলছেন, প্রশাসন দুর্নীতি দেখেছে বলেই থানায় অভিযোগ করেছে। তাই পুলিসের উচিত এনিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
Advertisement
সম্পর্কিত সংবাদ