সংবাদদাতা, বনগাঁ: বেআইনিভাবে দেশি মদ বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম তপন মণ্ডল (৫৯)। মঙ্গলবার রাতে গাইঘাটা থানার পুলিস স্থানীয় চণ্ডীগড় বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২৩ বোতল দেশি মদ উদ্ধার করেছে পুলিস। জানা গিয়েছে, স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশি মদ বিক্রি করছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিস বাজারে হানা দিয়ে হাতেনাতে তাঁকে ধরে ফেলে। ধৃত চণ্ডীগড় এলাকারই বাসিন্দা।



