Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাকলারেনের ম্যাজিক, মন ভরালেন ব্রাজিলিয়ান রবসন, মোহন বাগানের পঞ্চবাণে বিধ্বস্ত গোকুলাম

ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন।

ম্যাকলারেনের ম্যাজিক, মন ভরালেন ব্রাজিলিয়ান রবসন, মোহন বাগানের পঞ্চবাণে বিধ্বস্ত গোকুলাম
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন। জোড়া লক্ষ্যভেদে নায়ক তিনি। কিন্তু গ্যালারি ফেটে পড়ছে ‘রবসন-রবসন’ ধ্বনিতে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ডান পায়ের জাদুতে গুমোট আবহাওয়া কাটিয়ে স্বস্তিতে মোহন বাগান। বৃহস্পতিবার শিল্ডে গ্রুপের প্রথম ম্যাচে গোকুলাম কেরালাকে চূর্ণ করল সবুজ-মেরুন ব্রিগেড। রবসনের ছোঁয়া চারটিতে। নিজে জাল কাঁপানোর পাশাপাশি তিনটি অ্যাসিস্ট! গোকুলামের একমাত্র গোলটি আপুইয়ার আত্মঘাতী। তবে বড় জয়ের দিনেও প্রতিবাদ জারি সমর্থকদের। গ্যালারিতে দেদার বিক্ষোভ। ম্যানেজমেন্টের উদ্দেশ্যে ‘গো ব্যাক’ সুরও চড়া। এই বিষয়ে মোহন বাগান সভাপতির দেবাশিস দত্তের বক্তব্য, ‘অতীতে  বিক্ষোভের মুখে পুলিশি নিরাপত্তায় ফুটবলাররা বাড়ি ফিরতেন। সেই ধরন বদলে গিয়েছে। এটাই পার্থক্য।’
মাঠের বাইরে প্রবল চাপ। তার উপর চার বিদেশি নিয়ে এসেছে গোকুলাম। ঝুঁকি না নিয়ে এদিন ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান মোহন বাগান কোচ হোসে মোলিনা। নজর ছিল রবসনের উপর। বাংলাদেশের বসুন্ধরায় প্রধানত উইং হাফে খেলেছেন তিনি। তবে এদিন তাঁকে সেন্ট্রাল মিডফিল্ডে ব্যবহার করলেন মোলিনা। বোঝাই যাচ্ছে, গ্রেগ স্টুয়ার্টের অভাব ঢাকতে আগামীতে তাঁর উপরেই ভরসা রাখা হবে। কাঙ্ক্ষিত লিড আসে ১১ মিনিটে। কর্নার থেকে রবসনের ভাসানো সেন্টার হেড করে জালে পাঠান আলবার্তো (১-০)। ২৭ মিনিটে ম্যাজিক মুভমেন্ট। বক্সের বাইরে থেকে ডান পায়ের আউটস্টেপে ম্যাকার উদ্দেশ্যে বল ভাসান ব্রাজিলিয়ান রবসন। ‘পিকচার পারফেক্ট’ সাইডভলিতে তা জালে জড়ালেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন (২-০)। 
বিরতির পর স্রোতের প্রতিকূলেই ব্যবধান কমায় গোকুলাম। এডুয়ার্ডের মাইনাস ক্লিয়ার করে গিয়ে ভুল করলেন আপুইয়া (২-১)। এরপর স্বমহিমায় মোলিনা ব্রিগেড। ৫১ মিনিটে রবসনের সেন্টার থেকে ফের লক্ষ্যভেদ আলবার্তোর (৩-১)। চতুর্থ গোল রবসনের। গোকুলাম ডিফেন্ডারের থেকে বল কেড়ে রবসনকে বাড়ান ম্যাকা। ব্রাজিলিয়ান তারকা প্লেসিং পোস্ট ও গোলরক্ষকের পিঠে লেগে জালে জড়ায় (৪-১)। ৭৫ মিনিটে গোকুলামের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ম্যাকলারেন (৫-১)।
 শিল্ডের প্রথম ম্যাচে ৪ গোলে জিতেছিল ইস্ট বেঙ্গল। এদিন ফাইভ স্টার পারফরম্যান্স মোহন বাগানের। গোলের বন্যা দেখে সবচেয়ে খুশি বোধহয় আইএফএ কর্তারা। শিল্ড জমজমাট। ফাইনালে ডার্বির সম্ভাবনা আরও উজ্জ্বল। কোষাগার ভরাতে ডার্বিই যে সোনার ডিম পাড়া হাঁস।
মোহন বাগান: বিশাল, শুভাশিস (তেকচাম সিং), আলড্রেড (কামিংস), আলবার্তো, মেহতাব, কিয়ান, আপুইয়া, রবসন, অনিরুদ্ধ (অভিষেক সূর্যবংশী), মনবীর (আশিস) ও ম্যাকলারেন।   

Advertisement

মোহন বাগান-৫                    :                গোকুলাম কেরালা-১
(আলবার্তো-২, ম্যাকলারেন-২, রবসন)   (আপুইয়া-আত্মঘাতী)

সম্পর্কিত সংবাদ