


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয় দিয়ে সুপার কাপ অভিযান শুরু করল মোহন বাগান। শনিবার ফাতোরদার নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি’কে ২-০ ব্যবধানে বশ মানায় হোসে মোলিনা-ব্রিগেড। জোড়া গোলে ম্যাচের নায়ক জেমি ম্যাকলারেন। উপরি পাওনা ক্লিনশিট। সঙ্গে গ্রুপ-এ’র শীর্ষে থাকার আত্মবিশ্বাস। তবে তিন পয়েন্ট এলেও প্লে-মেকারের অভাব চিন্তায় রাখবে কোচ মোলিনাকে। ২৮ নভেম্বর মোহন বাগানের প্রতিপক্ষ ডেম্পো।
প্রতিযোগিতার প্রথম ম্যাচ। তাই কোনও ঝুঁকি না নিয়ে দুই বিদেশি ডিফেন্ডারকে প্রথম একাদশে রাখেন কোচ মোলিনা। সিঙ্গল স্ট্রাইকারে ম্যাকলারেন। সুপার কাপে ছয় বিদেশি মাঠে নামতে পারবে সব দল। কিন্তু কোচ মোলিনা শুরুতে তিন বিদেশিকেই ব্যবহার করলেন। তবে প্রথমার্ধে প্রবল বৃষ্টির জন্য মোহন বাগান স্বাভাবিক পারফরম্যান্স মেলে ধরতে পারেনি। দুই প্রান্তে মনবীর ও লিস্টনের সঙ্গে সাহাল জায়গা পরিবর্তন করায় ধন্দে পড়ে চেন্নাইয়ান রক্ষণ। এই পর্বে দু’বার দলের নিশ্চিত পতন রোধ করেন মিস্টার ডিপেন্ডেবল বিশাল কাইথ। ৩৫ মিনিটের মাথায় থামল বৃষ্টি। আর মোহন বাগান লিড নিল ৩৮ মিনিটে। জেমি ম্যাকলারেন বুঝিয়ে দিলেন কেন তিনি অস্ট্রেলিয়া লিগের সর্বাধিক গোলদাতা। লিস্টনের বুদ্ধিদীপ্ত ব্যাকহিল পেয়েই ঝলসে উঠল তাঁর ডান পা (১-০)।
বিরতির পর সাহালের বদলে সুহেলকে মাঠে নামান মোহন বাগান কোচ মোলিনা। ততক্ষণে মাঠের জল নেমে যাওয়ায় বল গড়াতে শুরু করে। কিন্তু এই পর্বে স্কোয়ার আর ব্যাক পাসের বাইরে বেরতে পারছিল না মোহন বাগান। তবে উইংয়ে খেলা ছড়াতেই ছন্দ ফিরে পায় সবুজ-মেরুন ব্রিগেড। ৬৭ মিনিটে প্রান্ত বদল করে মনবীর বাঁ দিক থেকে মাইনাস রাখেন বক্সে। চেন্নাইয়ন ডিফেন্ডারের পায়ে লেগে সেই বল পান অরক্ষিত ‘ম্যাকা’। বাঁ পায়ের ফ্লিকে সেই বল জালে রাখতে ভুল করেননি অজি বিশ্বকাপার (২-০)। এর পরেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মোহন বাগান। কিন্তু কামিংসের মাইনাস পেয়েও গোল করতে পারেননি গোয়ার ছেলে লিস্টন কোলাসো। ম্যাচের পর মোলিনা বলেন, ‘বৃষ্টিভেজা মাঠে স্বাভাবিক ফুটবল মেলে ধরা কষ্টকর। তা সত্ত্বেও ছেলেরা পরিকল্পনামাফিক খেলেছে।’
মোহন বাগান: বিশাল, শুভাশিস, আলড্রেড, আলবার্তো, মেহতাব, লিস্টন, অনিরুদ্ধ (দীপক), আপুইয়া, সাহাল (সুহেল), মনবীর ও ম্যাকলারেন (কামিংস)।
মোহন বাগান-২ : চেন্নাইয়ান-০
(ম্যাকলারেন-২)