Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জামশেদপুর ম্যাচে গোলে ফিরতে মরিয়া ম্যাকলারেন

চলতি মরশুমে শুরুটা ভালোই করেছিল মোহন বাগান। টানা চার ম্যাচ জয়ের পরেই ঘটে ছন্দপতন। বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে ড্রয়ের পর মুম্বই সিটির কাছে ঘরের মাঠে হার।

জামশেদপুর ম্যাচে গোলে ফিরতে মরিয়া ম্যাকলারেন
  • ১ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে শুরুটা ভালোই করেছিল মোহন বাগান। টানা চার ম্যাচ জয়ের পরেই ঘটে ছন্দপতন। বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে ড্রয়ের পর মুম্বই সিটির কাছে ঘরের মাঠে হার। সব চেয়ে বড় কথা, তারকা সমৃদ্ধ আক্রমণভাগ নিয়ে শেষ দু’টি ম্যাচে গোলের খাতা খুলতে ব্যর্থ সবুজ-মেরুন ব্রিগেড। সুযোগ নষ্টের মাশুল গুনে পয়েন্ট মাঠেই ফেলে আসেন ম্যাকলারেন-কামিংসরা। এর ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান খুইয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে পালতোলা নৌকা। আন্তর্জাতিক বিরতির পর শনিবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে নামছে মোহন বাগান। তিন পয়েন্টেই চোখ মোহন বাগানের। তবে কাজটা সহজ নয়। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইস্পাত নগরীর দলটি। ঘরের মাঠে মেসি বাউলিরা শক্ত প্রতিপক্ষ। তবে শেষ দুই ম্যাচে তারাও ৫ পয়েন্ট নষ্ট করেছে। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে মোহন বাগান। তার জন্য ম্যাকলারেনের গোলে ফেরাটা জরুরি। অজি তারকা স্ট্রাইকারও অনুশীলনে বাড়তি পরিশ্রম করছেন। চলতি লিগে সর্বাধিক গোলদাতার দৌড়ে ম্যাকলারেন ও ইস্টবেঙ্গলের ইউসেফ এজেজ্জারি যৌথভাবে শীর্ষে রয়েছেন। দু’জনের ঝুলিতেই সাত গোল। শনিবার জাল কাঁপিয়ে ফের একবার লাল-হলুদ স্ট্রাইকারকে টেক্কা দেওয়ার লক্ষ্য জেমির।

Advertisement

অ্যাওয়ে ম্যাচে জয়ের লক্ষ্যে আরও একবার আক্রমণই হাতিয়ার হতে চলেছে কোচ লোবেরার। মঙ্গলবার জাতীয় দলের হয়ে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলে শহরে ফিরবেন লিস্টন, মনবীর সহ মোহন বাগানের ছয় ফুটবলার। এদিন তাই অনুশীলনে ছুটি দিয়েছিলেন কোচ লোবেরা। বুধবার সদলবলে মহড়া শুরু করবেন স্প্যানিশ কোচ। এদিকে, অনূর্ধ্ব-১৪ এআইএফএফ সাব-জুনিয়র লিগে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমিকে ৭ গোলের মালা পরাল মোহন বাগান।

Advertisement
সম্পর্কিত সংবাদ