Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মোবাইল থেকে ফুটবলে ফেরাতে উদ্যোগ, বিদেশি কোচ দিয়ে বিনা খরচায় প্রশিক্ষণ

মোবাইল থেকে ফুটবলে ফেরাতে উদ্যোগ, বিদেশি কোচ দিয়ে বিনা খরচায় প্রশিক্ষণ
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: একটা সময় জেলার ফুটবলের কদর ছিল যথেষ্ট। কিন্তু ‘ডিজিটাল ইন্ডিয়ায়’ মাঠে খেলা প্রায় বন্ধের মুখে। এই অবস্থার মধ্যেও ফুটবলের পুরনো সেই গরিমা ফিরিয়ে আনতে উদ্যোগী হল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। ঠিক হয়েছে, সম্পূর্ণ নিখরচায় জেলার শতাধিক কিশোরকে আন্তর্জাতিক মানের ফুটবল প্রশিক্ষণ দেবে তারা। বাইরের দেশ থেকে ফুটবলের তারকা কোচরা এসে প্রশিক্ষণ দেবেন তাদের। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শেষ। বাছাই করা কিশোরদের নিয়ে এই কোচিং শুরু হতে চলেছে ইংরেজি নতুন বছরের শুরুতেই।
Advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় আগে ফুটবল খেলার ব্যাপক প্রচলন ছিল। স্কুল থেকে কলেজ পড়ুয়ারা বড় বড় মাঠে ফুটবল খেলত। বিকেল হলেই গ্রাম থেকে শহরের মাঠগুলিতে খেলোয়াড়দের ভিড় উপচে পড়ত। আজও মাঠে ছেলেদের দেখা যায়, কিন্তু মোবাইল হাতে। ফুটবলের জায়গায় অনলাইনে গেমে আসক্ত তারা। এই অভ্যাস থেকে ভবিষ্যতে সমাজের বিপদ হতে পারে ধরে নিয়ে এগিয়ে এল জেলা পরিষদ। তারা আন্তর্জাতিক মানের ফুটবল কোচিং কেন্দ্র তৈরির ভাবনা নিয়েছে। বেলজিয়াম, ফ্রান্স, জাপান, আর্জেন্টিনা সহ ফুটবলের তারকা দেশের একাধিক কোচের সঙ্গে কথা বলেছেন সভাধিপতি নারায়ণ গোস্বামী। তাদের নিয়ে এসে কোচিং করানোর ভাবনা নিয়েছে জেলা পরিষদ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বয়স অনুযায়ী পাঁচটি গ্রুপ করা হয়েছে। জেলায় থাকা মোট ৪৭টি সার্কেলের স্কুলকে নিয়ে প্রথমে প্র্যাকটিস ম্যাচ হবে। যেখানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক মানের কোচেরা। ম্যাচগুলি থেকেই হবে ঝাড়াই বাছাই। সেখান থেকে একশোর বেশি খেলোয়াড়কে চিহ্নিত করে দেওয়া হবে প্রশিক্ষণ। এ বিষয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, বর্তমানে ফুটবল খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা অনুসারে আমি ও জেলাশাসক সিদ্ধান্ত নিয়েছি, জেলা পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক মানের কোচ দিয়ে একশোর বেশি কিশোরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের উচ্চমানের খাবারও দেওয়া হবে জেলা পরিষদের পক্ষ থেকে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে এই কোচিং সেন্টার থেকে তৈরি হবে একটি টিম। এর নাম দেওয়া হয়েছে ‘এফসি নর্থ ২৪ পরগনা’। আমরা আশাবাদী এই দল দেশের নাম উজ্জ্বল করবে।
সম্পর্কিত সংবাদ