


রিয়াল মাদ্রিদ- ২ : মার্সেই- ১
জুভেন্তাস- ৪ : ডর্টমুন্ড- ৪
অ্যাথলেতিক ক্লাব- ০ : আর্সেনাল- ২
মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে গতবার পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে প্রথম মরশুমে একরাশ হতাশার মধ্যেই কেটেছিল ফরাসি তারকার। দীর্ঘ সময় পরে ট্রফিহীন থাকতে হয় মাদ্রিদের ক্লাবটিকে। তবে নতুন মরশুমে জাবি আলোন্সোর প্রশিক্ষণে দুরন্ত ছন্দে ‘লস ব্ল্যাঙ্কোস’। লা লিগায় প্রথম চার ম্যাচেই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এবার ইউরোপ সেরার লড়াইয়েও দুরন্ত জয়ে অভিযান শুরু করল জাবি আলোন্সো-ব্রিগেড। মঙ্গলবার ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও মার্সেইকে ২-১ গোলে হারাল তারা। জোড়া গোলে রিয়ালের জয়ের নায়ক এমবাপে। দু’টি গোলই পেনাল্টি থেকে। মার্সেইয়ের একমাত্র গোলটি টিমোথির। ম্যাচের ৭২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কার্ভাহাল। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগাতে ব্যর্থ ফরাসি ক্লাবটি।
মঙ্গলবার জয় দিয়ে অভিযান শুরু করল আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেতিক ক্লাবকে ২-০ গোলে হারাল তারা। গানারদের দুই গোলদাতা যথাক্রমে মার্তিনেল্লি ও ট্রসার্ড। পাশাপাশি ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারাল টটেনহ্যাম হটস্পার। লুইস জুনিয়রের আত্মঘাতী গোল ম্যাচে দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। অন্য এক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৪-৪ গোলে ড্র করল জুভেন্তাস। একটা সময় দু’গোলে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ জার্মান ক্লাবটি।
এদিকে, বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে নিউকাসলের মুখোমুখি হবে হান্স ফ্লিকের ছেলেরা। গতবার ইউরোপ সেরার লড়াইয়ে দুরন্ত খেলেও শেষ চারের লড়াইয়ে ইন্তার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ ঘটেছিল কাতালন ক্লাবটির। সেই ব্যর্থতা ঝেড়ে নতুন মরশুমে ভালো শুরুর আশায় বার্সা। পাশাপাশি বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নামছে ম্যান সিটি। ঘরের মাঠে নাপোলির মুখোমুখি হবে পেপ ব্রিগেড।