সংবাদদাতা, তারকেশ্বর: বকেয়া পেনশনের দাবিতে তারকেশ্বর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করলেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। তারকেশ্বর মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার সমিতির ব্যানার টাঙিয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলে। অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি, ১৪৫ জন পুরকর্মীর তিন মাস পেনশন বন্ধ রয়েছে। মেলেনি পুজো অনুদান। অবসর নেওয়ার পর এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা আগে হইনি। বাধ্য হয়ে আমরা আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, পেনশন সহ সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। পুর কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর নির্দেশ মানছেন না। পুরসভায় কোনো বাড়ি তৈরির নকশা অনুমোদন হচ্ছে না, হচ্ছে না নতুন হোল্ডিং ও পুরানো হোল্ডিংয়ের নাম পরিবর্তন। পুরসভার দোকান ঘরগুলি থেকে যথা সময়ে ভাড়ার অর্থ আদায় হচ্ছে না। তারকেশ্বর পুরসভার প্রশাসক আশিসকুমার রায় জানান, অবসরপ্রাপ্ত কর্মীরা তিন মাসের পেনশন বকেয়া থাকায় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ইতিমধ্যেই আমরা এক মাসের দেওয়ার পরিকল্পনা করেছিলাম। ওঁদের সঙ্গে আলোচনা করার পর মোট দুমাসের পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের ৬০ শতাংশ পুরসভার নিজস্ব তহবিল থেকে দিতে হয়। ৪০ শতাংশ দেয় রাজ্য সরকার। তিনি আরও বলেন, বিল্ডিং প্ল্যান, হোল্ডিং সহ অন্যান্য কাজ পোর্টালের সমস্যার জন্য আটকে ছিল দ্রুত তা শুরু হবে। নিজস্ব চিত্র



