Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

রাজস্থানের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৭ শ্রমিক

পরপর তিন থেকে চারটি বিস্ফোরণ। মুহূর্তেই দাউ দাউ করে আগুন। সোমবার সকালে রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজস্থানের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, মৃত ৭ শ্রমিক
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

জয়পুর, ১৬ ফেব্রুয়ারি: পরপর তিন থেকে চারটি বিস্ফোরণ। মুহূর্তেই দাউ দাউ করে আগুন। সোমবার সকালে রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা নিরন্তর চেষ্টার পর আংশিকভাবে আগুন নিয়ন্ত্রণে এলেও শেষ রক্ষা হয়নি ৭ জন শ্রমিকের। আগুনে ঝলসে সেখানেই মৃত্যু হয় তাঁদের। তাছাড়াও আহত হন আরও বেশ কয়েকজন শ্রমিক। প্রশাসন সূত্রে খবর,  নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর তিন থেকে চারটি বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল যে বহু দূর পর্যন্ত তা শোনা যায়। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে বিপুল পরিমাণ কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুত ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। দাহ্য পদার্থ মজুত থাকা এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ