বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের কাছাড় জেলার উধারবন্দের পানগ্রামে রড তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবারের এই ঘটনায় মৃত্যু হল চার শ্রমিকের। জখম আরও কয়েকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উধারবন্দ থানার পানগ্রামে ওই কারখানা রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে। ধ্বংসস্তূপে পরিণত হয় কারখানার একাংশ। বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় উদ্ধারকাজ। আসেন জেলাশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের সময় আরও কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক তদন্তে অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই দুর্ঘটনা। তবে প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অসমের নগর উন্নয়নমন্ত্রী কৌশিক রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে গুয়াহাটি থেকে ফরেনসিক দল আসছে। কারখানায় মালিক পক্ষের তরফে কোনোরকম গাফিলতি ছিল কি না, তা নিয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। নিহত শ্রমিকদের পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।