নয়াদিল্লি: ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে নিকেশ প্রথম সারির এক মহিলা মাওবাদী। অন্তত ন’টি হিংসার ঘটনায় জড়িত বাস্কি নুপ্পোর (৩৫) মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, গাদিরাস থানা এলাকার গুফদি ও পেরমাপাড়া গ্রামে মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে জেলা রিজার্ভ গার্ডের একটি বাহিনী বৃহস্পতিবার সকালে তল্লাশি অভিযান শুরু করে। বাহিনীকে দেখেই হামলা চালায় মাওবাদীরা। পাল্টা গুলিতে দু’পক্ষের লড়াই শুরু হয়ে যায়। এনকাউন্টার থামলে এলাকায় তল্লাশি চালিয়ে বাস্কির দেহ উদ্ধার করা হয়। তিনি মাওবাদী সংগঠনের মালাঙ্গির এলাকা কমিটির সদস্য ছিলেন। সুকমা এবং দান্তেওয়াড়া জেলায় একাধিক নাশকতায় যুক্ত ছিলেন। ওই এলাকা থেকে ৩১৫ বোর রাইফেল, ওয়ারলেস সেট, ডিটোনেটর, জিলেটিন রড, কর্ডেক্স ওয়্যার, গানপাউডার, একটি রেডিও এবং মাওবাদীদের বিভিন্ন সাহিত্য উদ্ধার করা হয়েছে।



