লন্ডন: সাউদাম্পটনে সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে হরমনপ্রীত কাউররা এখন ১-০ এগিয়ে। শনিবার লর্ডসে ন্যাট সিভার-ব্রান্টের দলের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মাদের সামনে। সদ্য পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছেন তাঁরা। এবার ওডিআই সিরিজও দখল করতে মরিয়া হরমনপ্রীতরা। এবছরই ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের আয়োজন করবে ভারত। তারই স্কোয়াড নির্ধারণের নিরিখে বাড়তি গুরুত্ব পাচ্ছে এই সিরিজ।
দুই পেসার রেনুকা সিং ও পূজা বস্ত্রকার চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। তাঁদের জায়গায় নতুনরা কেমন বল খেলেন, দেখে নেওয়াই উদ্দেশ্য ছিল কোচ অমল মুজুমদারের। অভিজ্ঞ অরুন্ধতী রেড্ডির জায়গায় সুযোগ পাওয়া ২১ বছরের পেসার কান্তি গৌড় সুযোগ কাজে লাগিয়েছেন। প্রথম ম্যাচে দুই উইকেট নেন তিনি। নতুন বলের দায়িত্বে কান্তি ছাড়াও ছিলেন আর এক তরুণ তুর্কি আমনজ্যোৎ কাউর। ব্যাটিংয়ে অবশ্য পূর্ণ শক্তিই রয়েছে। মান্ধানা, হরমনপ্রীত, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষদের উপস্থিতি গভীরতা বাড়াচ্ছে। বুধবার দীপ্তি যেভাবে ম্যাচ জিতিয়েছেন, তা এক কথায় অনবদ্য। বিশেষ করে ঋষভ পন্থের স্টাইলে তাঁর একহাতে মারা ছক্কা নিয়ে চলছে চর্চা। তবে শেফালি ভার্মা দলে ফিরলে হারলিন দেওলের ঘাড়ে কোপ পড়তে পারে। স্পিন বিভাগে দীপ্তির সঙ্গী টি-২০ সিরিজের সেরা শ্রী চরণি।
এদিকে, শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন ওপেনাক প্রতীকা রাওয়াল। সাউদাম্পটনে বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে ম্যাচ ফি’র দশ শতাংশ জরিমানা হয়েছে তাঁর। লেভেল ১ অপরাধের জন্য এক ডিমেরিট পয়েন্টও দেওয়ার কথা জানিয়েছে আইসিসি। মন্থর ওভার রেটের জন্য ইংল্যান্ড দলেরও ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা হয়েছে।